ন্যাশনাল ডেস্ক, ২২ এপ্রিল ২০২৬: প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে কঠোর অবস্থান নির্বাচন কমিশনের। বিজেপির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন মল্লিকার্জুন খাড়গেকে কড়া প্রশ্নসহ একটি নোটিশ জারি করেছে। কমিশন এটিকে নির্বাচনী আচরণবিধির সম্ভাব্য লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে এবং ২৪ ঘন্টার মধ্যে জবাব চেয়েছে।
নির্বাচন কমিশন এই মন্তব্যটিকে গুরুত্বের সাথে নিয়ে, এটি কোন প্রেক্ষাপটে করা হয়েছিল, সেটির ব্যাখ্যা চেয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, কিরেন রিজিজু এবং অর্জুন রাম মেঘওয়াল সহ বিজেপি নেতাদের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে খাড়গের বক্তব্যের বিরুদ্ধে কড়া অভিযোগ দায়ের করে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানায়। এরপরেই কমিশনের এই পদক্ষেপ।
উল্লেখ্য, মঙ্গলবার চেন্নাইতে কংগ্রেস সভাপতি প্রধানমন্ত্রীকে 'সন্ত্রাসী' বলে তোপ দাগেন। তাঁর এই বিতর্কিত মন্তব্য ঘিরে ক্রমশই বাড়ছে রাজনৈতিক উত্তাপ যদিও, পরে তিনি স্পষ্ট করেন যে তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। খাড়গে বলেন, "আমি প্রধানমন্ত্রীকে সন্ত্রাসী বলিনি। আমি বলতে চেয়েছি যে তিনি মানুষ ও রাজনৈতিক দলগুলোকে ভয় দেখাচ্ছেন এবং এর জন্য বিভিন্ন সংস্থাকে ব্যবহার করছেন।"
তিনি আরও বলেন, "ইডি, সিবিআই এবং আয়কর বিভাগের মতো সংস্থাগুলো তাঁর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি সীমানা পুনর্নির্ধারণের কাজও নিজেদের হাতে নিতে চায়। আমি এই প্রসঙ্গেই একথা বলেছি।" এআইএডিএমকে এবং বিজেপির জোট নিয়ে প্রশ্ন তোলায় বিতর্কটি আরও তীব্র হয়।
খাড়গে সি.এন. আন্নাদুরাই, কে. কামরাজ, পেরিয়ার, এম. করুণানিধি এবং ড. ভীমরাও আম্বেদকরের আদর্শের কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন, কীভাবে দুটি দল জোট গঠন করতে পারে। তিনি বলেন, "এআইএডিএমকে সদস্যরা আন্নাদুরাইয়ের ভাবমূর্তি তুলে ধরে; তারা কীভাবে মোদীর সঙ্গে হাত মেলাতে পারে?"
তিনি বলেন, "মোদী একজন সন্ত্রাসী। তাঁর দল সমতা ও ন্যায়বিচারে বিশ্বাস করে না। এই লোকেরা তাঁর সঙ্গে হাত মেলাচ্ছে; এর মানে তাঁরা গণতন্ত্রকে দুর্বল করছে।" খাড়গে আরও বলেন যে, কংগ্রেস-ডিএমকে জোট জনগণের কল্যাণে কাজ করে যাবে।
প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলোকে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে নারী সংরক্ষণ বিল আটকে দেওয়ার চেষ্টার জন্য অভিযুক্ত করার পর এই বিতর্ক শুরু হয়। খাড়গের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি।
বিজেপি কংগ্রেসকে একটি শহুরে নকশাল দল হিসেবে আখ্যা দিয়েছে। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, "কংগ্রেস একটি আরবান নকশাল দল। সেই কারণেই কংগ্রেস সভাপতি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করেন। এটা প্রথমবার নয়। এই ধরণের বিষাক্ত বাগাড়ম্বর বারবার করা হয়।"

No comments:
Post a Comment