পূর্ব মেদিনীপুর, ১৬ এপ্রিল ২০২৬: নন্দীগ্রামের আইএসএফ প্রার্থীকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব তৃণমূল কংগ্রেস নেতার। কয়েকদিন আগে নন্দীগ্রামের আইএসএফ প্রার্থী সবে মিরাজ খানকে জনৈক তৃণমূল নেতা শেখ মনশুর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দেন। এই সংক্রান্ত একটি অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
আইএসএফ প্রার্থীর দাবী, তাঁকে গোপন জায়গায় বৈঠক করার পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি তাঁর যে সমস্ত সমস্যা আছে তা দ্রুত নিরসনেরও কথা বলা হয়েছে। এই ভাইরাল অডিও আইএসএফ প্রার্থী সবে মিরাজ খান ও সামসাবাদ তৃণমূল অঞ্চল সভাপতি শেখ মনশুরের, তা দুজনেই মেনে নিয়েছেন। তবে, অডিওর সত্যতা যাচাই করেনি প্রেসকার্ড নিউজ।
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগেও নন্দীগ্রামের ভাইরাল অডিও বিতর্কে তোলপাড় হয়েছিল বঙ্গ রাজনীতি। স্থানীয় বিজেপি নেতাকে ফোন করে সাহায্য চাইবার অভিযোগ ওঠে নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
ভোটে সহযোগিতা করার আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেছিলেন বলে দাবী জানান বিজেপি নেতা প্রলয় পাল। সেই সংক্রান্ত একটি টেলিফোনিক কথোপকথন ভাইরালও হয়। আর পাঁচ বছর পর আর এক বিধানসভা ভোটের আগে এই আইএসএফ ও তৃণমূল নেতার ভাইরাল অডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিতর্কের কেন্দ্রবিন্দু সেই নন্দীগ্রাম।
উল্লেখ্য, একুশের নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর হাইভোল্টেজ লড়াই দেখেছিল রাজ্যবাসী। এবারেও হটস্পট নন্দীগ্রাম। এবারেও সেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তারই একসময়ের ছায়াসঙ্গী পবিত্র কর-কে। ভোটের বাকি আর এক সপ্তাহ। তার আগে সামনে এসেছে ফোনে কথোপকথনের এই অডিও। যেখানে আইএসএফ প্রার্থী সবে মিরাজ খানের সঙ্গে তৃণমূল নেতা মনশুর আলীর কথা হচ্ছে বলে দাবী। আর ভোট আবহে এই ভাইরাল ভিডিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

No comments:
Post a Comment