'পশ্চিমবঙ্গের ভাই ও বোনেরা---', রাজ্যবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রী মোদীর! প্রচার শেষের ঠিক আগে কী বার্তা? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, April 27, 2026

'পশ্চিমবঙ্গের ভাই ও বোনেরা---', রাজ্যবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রী মোদীর! প্রচার শেষের ঠিক আগে কী বার্তা?


কলকাতা: রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফা নির্বাচন ২৯ এপ্রিল। আজ সোমবার নির্বাচনী প্রচারের শেষ দিন।‌ প্রচারের সময় শেষের কিছু আগে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিঠি এদিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-পোস্ট করেছেন তিনি। চিঠির শুরুতেই তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের ভাই ও বোনেরা। 


চিঠিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গের পুরো নির্বাচনী প্রচার চলাকালীন আমি আমার পরিবারবর্গের কাছ থেকে যে অগাধ স্নেহ ও আশীর্বাদ পেয়েছি, তা আমাকে এক নতুন শক্তিতে ভরিয়ে দিয়েছে। এখানকার যুবশক্তি হোক বা নারীশক্তি, আমাদের কৃষক ভাই-বোন হোক, শ্রমিক বা ব্যবসায়ী, সকলেই ‘বিকশিত বাংলা’ গড়ার জন্য সংকল্পবদ্ধ। এই চিঠিতে আমি তাঁদের প্রতি আমার মনোভাব ব্যক্ত করেছি...।"




প্রধানমন্ত্রী চিঠিতে লিখেছেন, "পশ্চিমবঙ্গের ভাই ও বোনেরা, গণতন্ত্রের প্রতিটি উৎসবই পবিত্র। আমিও বাংলায় এই উৎসবে অংশগ্রহণের সুযোগ পেয়েছি। গত কয়েকদিনে আমি রাজ্যের উন্নয়ন সম্পর্কিত বিজেপি'র কর্মপরিকল্পনা পেশ করার সুযোগ পেয়েছি আপনাদের সামনে। আজ নির্বাচনী প্রচার বিকেল ৫টায় সম্পূর্ণ হচ্ছে। এই নির্বাচনে আমার সর্বশেষ সমাবেশও সম্পন্ন। আমি আমার পশ্চিমবঙ্গের পরিবারের সকলের কাছে নিজের অনুভূতি প্রকাশ করছি এই চিঠির মাধ্যমে।"

 

তিনি লেখেন, "এই নির্বাচনে আমি পশ্চিমবঙ্গে এক অনন্য শক্তি ও উদ্দীপনা প্রত্যক্ষ করেছি। প্রচণ্ড গরম এবং একের পর এক কর্মসূচি সত্ত্বেও একটুও ক্লান্তি অনুভব করিনি আমি। এইসব সমাবেশ এবং রোড শো আমার তীর্থ যাত্রার মতো মনে হয়েছে। যখনই মা কালীর ভক্তদের মধ্যে মিলিত হয়েছি, তখন সম্ভবত, মা কালী নিজেই আমাকে নতুন শক্তি যুগিয়েছেন। ২০২৪- এর জানুয়ারি'তে অযোধ্যায় রামলালার 'প্রাণ প্রতিষ্ঠা'র সময় আমি ১১ দিন উপবাস এবং অন্য নানা রীতি পালন করেছিলাম। এই নির্বাচনের সময়েও আমার একই রকম অনুভূতি হয়েছে- ঠিক যেমন হয়ে থাকে দেবীর মন্দিরে যাওয়ার সময়।"


প্রধানমন্ত্রী চিঠিতে আরও লিখেছেন, "পশ্চিমবঙ্গে প্রতিটি সমাবেশ ও রোড শো'তেই আমি বহু বার্তা পেয়েছি এবং পেয়েছি ভালোবাসার স্পর্শ, সমৃদ্ধ চিত্র, যা কখনও ভুলতে পারব না। এইসব সমাবেশ ও রোড শো'র পর, প্রথম সুযোগেই আমি এইসব ছবি দেখেছি রাতে, পড়েছি আপনাদের আন্তরিকতায় ভরা চিঠি এবং আমার উত্তর লিখেছি। সব বয়সের মানুষ, তরুণ-তরুণী, কন্যা ও ভগিনী কিংবা প্রবীণদের মধ্যে যে ভালোবাসার উত্তাপ অনুভব করেছি, তা আমার সর্বোত্তম সম্পদ।"


চিঠিতে তিনি লিখেছেন, পরিবর্তনের সময় এসেছে। প্রধানমন্ত্রী লেখেন, "এই নির্বাচনের সময় আমি অনুভব করেছি, পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্ম, মহিলা, কৃষক এবং কর্মীরা 'বিকশিত' পশ্চিমবঙ্গ'কে দেখতে কতটা উৎসুক। পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্ম চান, এগিয়ে যাওয়ার একটি মুক্ত পরিসর। কন্যারা চান খোলা আকাশ এবং নিরাপত্তা। পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিক এবং প্রতিটি পরিবার এখন একটি প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলেছেন: পরিবর্তনের সময় এসেছে।" তাঁর কথায়, "ভয় নিয়ে অনেকদিন কেটেছে; এখন আসুক আস্থা, এখন সেখানে বিজেপি'র আসা দরকার।"


পরিশেষে তাঁর বার্তা, "পশ্চিমবঙ্গের সেবা এবং সেখানকার নিরাপত্তা নিশ্চিত করা আমার কর্তব্য। পশ্চিমবঙ্গের প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ ও সম্ভাবনায় রূপান্তরিত করা আমার সৌভাগ্য ও দায়িত্ব বলে মনে করি। এই দায়িত্ব থেকে আমি কখনই সরে আসব না। আমি আপনাদের কথা দিচ্ছি যে, আমরা সকলে মিলে পশ্চিমবঙ্গে বিজেপি'র মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ সমারোহ উদযাপন করব। সকলে মিলে আমরা পশ্চিমবঙ্গ'কে উন্নত করে তুলব।"

No comments:

Post a Comment

Post Top Ad