ভোটের আগে বিপুল নগদ টাকা-সহ গ্ৰেফতার বিজেপি প্রার্থীর ভাই - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 22, 2026

ভোটের আগে বিপুল নগদ টাকা-সহ গ্ৰেফতার বিজেপি প্রার্থীর ভাই


মালদা: বুধবার রাত পোহালেই ভোট। তার ২৪ ঘন্টা আগেই প্রচুর নগদ টাকা সহ গ্রেফতার বিজেপি প্রার্থীর ভাই। মালদহের চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থীর ভাইয়ের কাছ থেকে উদ্ধার প্রচুর নগদ টাকা। চাঁচল বিধানসভার বরুই অঞ্চলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অভিযানে উদ্ধার নগদ টাকা। গ্রামীণ রাস্তায় টহল দেওয়ার সময় বিপ্লব দাস নামের সন্দেহভাজন ওই যুবকের বাইক আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ প্রায় ২ লক্ষ ৭৯ হাজার টাকা। ওই টাকার উৎস কি তার সন্তোষজনক উত্তর না মেলায় তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত বিপ্লব দাস চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাসের ভাই। 


যদিও এনিয়ে প্রার্থীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে বিজেপির একটি সূত্র থেকে দাবী করা হয়েছে, ওই ব্যক্তি পেশায় ব্যবসায়ী। তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এদিকে ওই টাকার বিষয়ে উপযুক্ত তদন্তের দাবী তুলেছে তৃণমূল। 


পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত যুবক একটি রাজনৈতিক দলের প্রার্থীর আত্মীয়। 


এদিকে টাকা উদ্ধার প্রসঙ্গে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু বলেন, 'পশ্চিমবাংলায় তো অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে। রাজ্য সরকারের কোথাও কোনও নিয়ন্ত্রণ তো নেই। বিজেপি প্রশাসন সহ সমস্ত যন্ত্রকে ব্যবহার করে গোটা পশ্চিমবঙ্গ-সহ মালদা জেলাতেও টাকা বিলির উৎসবে নেমেছে। এটা একটা সামান্য জিনিস ধরা পরল।"  


তিনি বলেন, "আমি প্রশাসনকে বলব, আপনারা যদি সৎ থাকেন নিরপেক্ষ নির্বাচন চান, আপনারা রেড করুন। বিজেপি এখানে কোটি&কোটি টাকা ছড়িয়ে মানুষের ভোট কেনার চেষ্টা করছে।' পাশাপাশি তাঁর বক্তব্য, "বিজেপিও জেনে রাখুক, যতই টাকা ছড়াক পশ্চিমবাংলার মানুষ দিল্লীর জমিদারদের কাছে মাথা বিক্রি করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কেই আবার ফেরাবেন।"


অন্যদিকে এই টাকা উদ্ধারের ঘটনায় তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে দাবী বিজেপি। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, "তৃণমূল কংগ্রেস সব জায়গায় চক্রান্ত করছে। এখন কি ঘটনা আমার ঠিক জানা নেই। আসলে এরা তো এরকমই করছে। বিজেপি সম্পর্কে যত অপপ্রচার করা যায়।" 

তাঁর দাবী, বিজেপির কর্মীদের বিরুদ্ধে থানার আইসিকে কেস দিতে বলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের দলদাস এখানকার অনেক আইসি। তারাই এগুলো করছে।


তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে। এখন শেষ মুহূর্তে কিছু একটা আঁকড়ে বাঁচতে চাইছে। এতে কোনও লাভ হবে না। তৃণমূল কংগ্রেস চলে গেছে আর বিজেপি এবারে এসে গেছে। শুধু সময়ের অপেক্ষা। ৪ তারিখে তৃণমূল কংগ্রেসের একটা কেউ পাওয়া যাবে না।" তাঁর দাবী, এবার পশ্চিমবঙ্গে বিজেপির ডবল ইঞ্জিনের সরকার হবে।

No comments:

Post a Comment

Post Top Ad