কলকাতা: বৈশাখের শুরুতেই গরমে নাজেহাল রাজ্যবাসী। বিশেষ করে দক্ষিণের জেলাগুলো তাপে পুড়ছে। এরই মাঝে কিছুটা স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস। রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে তো বৃষ্টি চলছেই। এবারে তীব্র গরম থেকে খানিকটা হলেও রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাও। মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, পূর্ব বিহার থেকে উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় অতিক্রম করে, সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে। এই কারণে আগামী ৬-৭দিন উত্তরবঙ্গের একাধিক জেলার পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এছাড়া দক্ষিণের বাকি জেলাগুলিতে গরম বাড়বে।তাপমাত্রা অন্তত ২ ডিগ্রি করে বাড়তে পারে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। তবে ২১ থেকে ২৭ তারিখ পর্যন্ত বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদ। কলকাতা সহ বাকি জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে, গরম বেশি থাকবে। সেই সঙ্গে বাড়বে অস্বস্তি। কলকাতায় আগামী সাতদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। যদিও পরবর্তী ৭২ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও বড় পরিবর্তন হবে না। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে জানিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।
অপরদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই ঝেঁপে বৃষ্টি হবে। সেইসঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। হালকা পশলা বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বৃষ্টি হবে।

No comments:
Post a Comment