রাহুলের মৃত্যুর ২৩ দিন পরে মুখ খুললেন শ্বেতা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 22, 2026

রাহুলের মৃত্যুর ২৩ দিন পরে মুখ খুললেন শ্বেতা



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২১ এপ্রিল :বাইশ দিন কেটে গিয়েছে রাহুলের অকাল মৃত্যুর। ২৯ মার্চ ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকে মাঝে একবারও জানা যায়নি কেমন আছেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। পুরো ঘটনায়, নানা মানুষ নানা কথা বললেও, রাহুলের মৃত্যু নিয়ে একটিও কথা বললেননি শ্বেতা। তবে সম্প্রতি রাহুলের মৃত্যুর এতদিন পর আচমকা পোস্ট শ্বেতার।



ফেসবুকে শ্বেতা মিশ্র নামের একটি প্রোফাইল থেকে অভিনেত্রীর কয়েকটি ছবি পোস্ট করা হয়। যদিও শ্বেতা জানান, ওই প্রোফাইলটি তাঁর নয়। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, ওই ঘটনার পর থেকে মাঝে কোথাও কিছু লেখেননি বা জানাননি তিনি।


কিছুটা থমকে শ্বেতা জানান, ‘ঘটনার পর থেকে আমাকে এক মুহূর্তের জন্য কেউ রাস্তায় বেরোতে পর্যন্ত দেখেননি। কেউ আমাকে বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না। সবাই আমাকে অস্থির করে তুলছেন। একজনকে এ ভাবে সবাই দোষারোপ করে গেলে আমি কবে আবার স্বাভাবিক হতে পারব জানি না। কিন্তু এই দুর্ঘটনায় আমার অপরাধটা কোথায়? আমি তো ক্রিমিনাল নই।’


ফেসবুকের পোস্টটি নিয়ে জানতে চাওয়া হলে রীতিমতো অস্থির গলায় তাঁর জবাব, ‘আমি কোথাও কিছু পোস্ট করিনি। সোশ্যাল মিডিয়া ব্যবহার করা তো দূরের কথা। ইনস্টাগ্রামে আমার প্রোফাইল রয়েছে। অন্য কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার কোনও প্রোফাইল নেই। আর কোথাও কিছু পোস্ট হয়ে থাকলে, সেটা হয়তো আমার ফ্যান পেজ থেকে করা হয়েছে। তার দায়ও কি আমার? আমি ২৯ মার্চের পর থেকে সোশ্যালে কোথাও কিছু লিখিনি বা বলিনি।’



এতদিন ধরে সমাজমাধ্যমে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। শেষমেশ শ্বেতা বলেন, ‘আমি এখনও খুব অসুস্থ। আমি জানি, আমাকে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। কিন্তু সেটা হয়েই উঠছে না। বুঝতে পারছি এই ঘটনা থেকে বেরিয়ে আসতে আমার অনেকটা সময় লাগবে। এর মাঝে ভেবেছি, এ ভাবে বিষয়গুলো চলতে থাকলে হয়তো ক’দিনের মধ্যে শহর ছেড়ে চলেই যাব। ক্রমাগত আক্রমণে পুরো বিষয়টা আমার কাছে অসহনীয় হয়ে উঠেছে।’

No comments:

Post a Comment

Post Top Ad