পূর্ব বর্ধমান: ভোটের মাত্র দু'দিন আগে উত্তপ্ত পরিস্থিতি। ঝরল রক্ত। পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষে উত্তাল হয়ে উঠল এলাকা। সোমবার বিজেপির মিছিলকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তেই সংঘর্ষের রূপ নেয়। ইটবৃষ্টি ও হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্রর চেহারা নেয় এলাকা। উভয় পক্ষের একাধিক জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাদনঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘটনাস্থলে পৌঁছায়।
জানা গিয়েছে, এদিন বিজেপির পূর্বনির্ধারিত একটি মিছিল সমুদ্রগড়ের দিকে এগোচ্ছিল। অভিযোগ, নশরতপুরে তৃণমূলের পার্টি অফিসের সামনে কয়েকজন তৃণমূল কর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন এবং মিছিল লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে হাতাহাতি। মুহুর্তেই সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল-বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। তৃণমূলের অমল হালদার ও সানশা আলি শেখ কালনা মহকুমা হাসপাতালে ভর্তি। অন্যদিকে বিজেপির কমল দাস ও সৌভিক পানও চিকিৎসাধীন একই হাসপাতালে।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবী, তারা পার্টি অফিসে থাকাকালীন বিজেপি কর্মীরা অতর্কিতে হামলা চালায়। পাল্টা বিজেপির অভিযোগ, তারা সংখ্যায় কম থাকলেও তৃণমূলের বহু কর্মী একজোট হয়ে আক্রমণ চালিয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে। দ্বিতীয় দফার ভোটের মুখে এই সংঘর্ষ ঘিরে সমুদ্রগড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে।

No comments:
Post a Comment