বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-এর প্রার্থীপদ বাতিলের দাবিতে করা জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, মামলাটি আইনি দিক থেকে গ্রহণযোগ্য নয়।
মামলাকারীর অভিযোগ ছিল, একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর বক্তব্য মানুষের উপর বড় প্রভাব ফেলে। অভিযোগ অনুযায়ী, গত তিন এপ্রিল ভবানীপুর বিধানসভা কেন্দ্র এবং পরে মেদিনীপুরের এক সভায় তিনি উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। সেখানে নাকি তিনি ধর্মনিরপেক্ষতা ও নাস্তিকতার বিরুদ্ধে মন্তব্য করেন এবং নিজেকে শুধুমাত্র হিন্দুদের প্রতিনিধি বলে দাবি করেন।
মামলাকারীর আইনজীবীর বক্তব্য ছিল, এই ধরনের মন্তব্য নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। সেই কারণেই আদালতের কাছে তাঁর প্রার্থীপদ বাতিলের আবেদন জানানো হয়।
তবে শুনানির সময় আদালত জানতে চায়, সংবিধানের কোন নির্দিষ্ট ধারার ভিত্তিতে এই আবেদন করা হয়েছে। কিন্তু মামলাকারীর পক্ষ থেকে স্পষ্ট কোনও আইনি ভিত্তি তুলে ধরা সম্ভব হয়নি। ফলে পর্যাপ্ত আইনগত যুক্তি না থাকায় আদালত মামলাটি খারিজ করে দেয়।
উল্লেখ্য, এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী একসঙ্গে দুটি বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন। ইতিমধ্যেই নন্দীগ্রামে ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী ঊনত্রিশ এপ্রিল ভবানীপুরে ভোট হওয়ার কথা, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের এই রায়ে ভোটের আগে স্বস্তি পেলেন বিরোধী দলনেতা।

No comments:
Post a Comment