গঙ্গাসাগরে পুজো, ভোটের আগে ধর্মীয় বার্তা— অমিত শাহ-এর পদক্ষেপে তুঙ্গে রাজনৈতিক জল্পনা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, April 27, 2026

গঙ্গাসাগরে পুজো, ভোটের আগে ধর্মীয় বার্তা— অমিত শাহ-এর পদক্ষেপে তুঙ্গে রাজনৈতিক জল্পনা


 দ্বিতীয় দফার বিধানসভা ভোটের আগে সময় প্রায় ফুরিয়ে এসেছে। সোমবার শেষ হয়েছে জোরদার প্রচারপর্ব। ঠিক এই শেষ মুহূর্তেই গঙ্গাসাগরে গিয়ে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে তিনি মা গঙ্গার আশীর্বাদ নেন।

নিজের সামাজিক মাধ্যমে তিনি গঙ্গাসাগরে পুজোর একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, যেখানে মা গঙ্গা সাগরের সঙ্গে মিলিত হয়েছে, সেই পবিত্র স্থানে পুজো দেওয়ার সুযোগ পেয়েছেন এবং দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।

রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে এই সফর শুধুই ধর্মীয় নয়, এর মধ্যে রাজনৈতিক বার্তাও রয়েছে। অনেকের ধারণা, ধর্মীয় আবেগকে সামনে এনে ভোটের লড়াইয়ে প্রভাব ফেলতেই এই পদক্ষেপ। ভিডিওতে দেখা যায়, তিনি নিয়ম মেনে তিলক পরছেন এবং আরতি করছেন।

আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যের ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। উত্তর ২৪ পরগনা থেকে হাওড়া—বিস্তীর্ণ এলাকায় জোর প্রচার চালিয়েছে শাসক ও বিরোধী উভয় পক্ষই। প্রথম দফায় ৯৩ শতাংশের বেশি ভোট পড়ায় আত্মবিশ্বাসী বিজেপি শিবির দাবি করেছে, তারা ইতিমধ্যেই অনেক আসনে এগিয়ে রয়েছে এবং দ্বিতীয় দফায় আরও ভালো ফলের লক্ষ্যেই ঝাঁপিয়েছে।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলও পাল্টা প্রচারে কোনো খামতি রাখেনি। শেষ মুহূর্ত পর্যন্ত দুই পক্ষই একে অপরকে টক্কর দিয়েছে।

এখন দেখার, প্রচারের একেবারে শেষ লগ্নে গঙ্গাসাগরে এই ধর্মীয় কর্মসূচি ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad