প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী! পথ আটকে দাঁড়ালেন গ্ৰামবাসীরা, বিজেপিকে দুষলেন অভিজিৎ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, April 14, 2026

প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী! পথ আটকে দাঁড়ালেন গ্ৰামবাসীরা, বিজেপিকে দুষলেন অভিজিৎ


নিজস্ব সংবাদদাতা, বীরভূম: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর কয়েকটা দিন বাকি। প্রচারেও জোর দিয়েছে শাসক-বিরোধী দলগুলো। কিন্তু প্রচারে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূল প্রার্থীকে। বীরভূম জেলার লাভপুর বিধানসভার অন্তর্গত উত্তর দুর্গাপুর গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ সিনহাকে। মঙ্গলবার নির্বাচনের প্রচারের উদ্দেশ্যে গ্রামে পৌঁছতেই স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই একাধিক সমস্যা নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ জমে ছিল। বিশেষ করে সরকারি আবাসন প্রকল্পের সুবিধা না পাওয়া নিয়ে বহুবার আবেদন জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। অনেকের অভিযোগ, তাঁরা প্রকৃত উপভোক্তা হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত বাড়ি পাননি।


শুধু আবাসনই নয়, গ্রামের একটি প্রাচীন মন্দির সংস্কারের আশ্বাসও দীর্ঘদিন ধরে মিললেও সেই কাজ বাস্তবে রূপ পায়নি বলে দাবী করেন গ্রামবাসীরা। ফলে এই দুই ইস্যুতে দীর্ঘদিনের অসন্তোষ জমেই ছিল। আর এদিন প্রার্থীকে সামনে পেয়েই সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে। প্রার্থীর গাড়ি ঘিরে ধরেন বিক্ষোভকারীরা। তুলে ধরেন নিজেদের সমস্যার কথা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকলে কিছু সময়ের জন্য প্রচার কার্যত থমকে যায়।


এই পরিস্থিতিতে অভিজিৎ সিনহা নিজে গাড়ি থেকে নেমে সরাসরি গ্রামবাসীদের মুখোমুখি হন। তিনি ধৈর্য ধরে তাঁদের অভিযোগ শোনেন এবং সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন। জানা যায়, প্রার্থীর এই উদ্যোগেই ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


তবে, গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন, শুধুমাত্র আশ্বাসে তাঁরা আর সন্তুষ্ট নন, দ্রুত বাস্তব পদক্ষেপ দেখতে চান। গ্রামবাসী মহামায়া বাগদির কথায়, 'সান্ত্বনা বাক্য দিয়ে কি হবে! আবেদন করেও আমরা বাড়ি পাইনি। তাই আজ আটকেছি।'


যদিও তৃণমূল প্রার্থীর দাবী এটা কোনও আটকানো নয়, আবেদন। প্রার্থী অভিজিৎ সিনহা বলেন, 'আমার প্রতি ওঁদের বিশ্বাস আছে। এখানে একটা মন্দির আছে, সেটা ভেঙে-ভেঙে পড়ছে। আমার কাছে স্থানীয়রা আবেদন করেছেন আগামী দিনে যাতে নতুন করে মন্দিরটা হয়। আমি বলেছি নির্বাচনের পর এই বিষয়ে দেখব।'


বাড়ি না পাওয়া প্রসঙ্গে তৃণমূল প্রার্থী অবশ্য কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, 'কেন্দ্রীয় সরকার টাকা দেয় না বলে এঁদের বাড়ি হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি করে দিচ্ছেন। কিছু বাড়ি হয়েছে, কিছু বাকি আছে। আগামী দিনে নিশ্চয়ই হয়ে যাবে।' 'গরীব মানুষের বাড়ি না হওয়ার কারণ বিজেপি, বিজেপির কেন্দ্রের সরকার', তোপ তৃণমূল কংগ্রেস প্রার্থীর।

No comments:

Post a Comment

Post Top Ad