'আমাকে টার্গেট করে মারার চেষ্টা---', বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের গাড়িতে ধাক্কা বাইকের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, April 14, 2026

'আমাকে টার্গেট করে মারার চেষ্টা---', বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের গাড়িতে ধাক্কা বাইকের


বাগদা: পরনে তৃণমূলের জামা, বিজেপি প্রার্থীর গাড়িতে সজোরে ধাক্কা বাইক আরোহীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার বাগদায়। বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের গাড়ির পিছনে বাইকের ধাক্কা। তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ বিজেপির। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ। অভিযোগ অস্বীকার তৃণমূলের। 


জানা গিয়েছে, মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার বনগাঁ থানা এলাকার আরামডাঙ্গা কালীমন্দিরে পুজো দিচ্ছিলেন বাগদা বিধানসভার বিজেপি প্রার্থী তথা শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। সেইসময় রাস্তায় দাঁড়িয়ে ছিল সোমা ঠাকুরের গাড়ি। তখন পিছন থেকে এসে গাড়িটিতে ধাক্কা মারে একটি বাইক। এতে করে গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায়। আহত হয় ওই বাইক চালক। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। অভিযোগ, ওই যুবক মদ্যপ ছিলেন এবং তাঁর পরনে ছিল তৃণমূলের জামা। 


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। আরোহীকে আটক করে বাইকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ‌। বিজেপির প্রার্থী সোমা ঠাকুরের দাবী তৃণমূল চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। তাঁর কথায়, 'আমার সঙ্গে থাকা গাড়ির পিছনে সজোরে ধাক্কা মেরেছে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ড্রাইভার।'


বাগদার বিজেপি প্রার্থী বলেন, "সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যেভাবে সন্ত্রাস করছে, এত হিংস্র হয়ে গেছে, তার যে জলজ্যান্ত প্রমাণ আজকে আমি হব আমি নিজেও বুঝতে পারছি না। তৃণমূলের সন্ত্রাসীরা আমাকে টার্গেট করে মারার চেষ্টা করছিল। মিস হয়ে যাওয়ায় এই গাড়িতে হামলা চালিয়েছে।'


তিনি বলেন, 'এতে আমার মহিলা কর্মীরা ছিলেন। আমাকে না পেয়ে আমার গাড়ির চালকের ওপর হামলা চালিয়েছে। বাইক চালকের গায়ে এখনও তৃণমূলের জামা পরা রয়েছে। আমি বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাব এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হব।'


এদিকে বাইক আরোহীর দাবী, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা, স্থানীয় ইটভাটাতে কাজ করেন। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করেননি।


অন্যদিকে তৃণমূলের দাবী, গোটা ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই, পুরো অভিযোগটাই মিথ্যা। বিষয়টি তদন্ত করে দেখা উচিৎ।

No comments:

Post a Comment

Post Top Ad