হুগলি: 'কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লীর বাবা কাকে বাঁচাতে আসে আমি ৪ তারিখ দেখব', তৃণমূল সাংসদ মিতালী বাগের ওপর হামলার ঘটনায় এই ভাষাতেই আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারের শেষলগ্নে বিজেপিকে তুলোধোনা করছেন সাংসদ। উল্লেখ্য, এদিন সোমবার আরামবাগে তাঁরই সভায় যাওয়ার পথে দুষ্কৃতী হামলার শিকার হয়েছেন সাংসদ মিতালী বাগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। এদিন সভা থেকে মিতালী ওপর হামলা নিয়ে সোচ্চার হন অভিষেক। আহত মিতালীকে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন তিনি।
আরামবাগের পল্লীশ্রী মোড়ের সমাবেশ থেকে অভিষেক বলেন, "যাঁরা ভাবছে মিতালীর ওপর কারা চড়াও হয়েছে আমরা জানি না, সবার খবর আছে আমার কাছে। তিনি বলেন, চারজন প্রাথমিকভাবে যুক্ত, আমার কাছে খবর রয়েছে। আরও যারা যুক্ত, সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব।"
তিনি আরও বলেন, “একটা তফসিলি মহিলা, তাঁর গায়ে যারা হাত দিয়েছে, আরামবাগ তৃণমূল জিতুক বা হারুক এবার আমি নিজে দায়িত্বে থাকব। চার তারিখ বারোটার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লীর বাবা কাকে বাঁচাতে আসে আমি ৪ তারিখ দেখব।"
অভিষেকের হুঁশিয়ারি, "যারা আজ এই আক্রমণের সাথে যুক্ত আছে তাঁদের জীবন আগামী দিন খুব কঠিন হতে চলেছে, আমি সতর্ক করে গেলাম।" তাঁর আর্জি, "ভোটটা এমন ভাবে দেবেন, যেন চার তারিখের পর বিজেপির পতাকা ধরার লোক আরামবাগে না থাকে।"
তিনি বলেন, "আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবে, এমন ভাবে বাজবে যে কান ঝালাপালা করে দেব।" অভিষেকের কথায়,
"আমি অত উদার নই। মমতা বন্দ্যোপাধ্যায় 'বদলা নয় বদল চাই' বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল। কিন্তু ৪ তারিখ জবাব হবে। খেলা যখন আজকে ওরা শুরু করেছে মিতালীর ওপর আক্রমণ করে, শেষটা আমি করব ৪ তারিখ, কথা দিলাম।"
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে হুগলির গোঘাটে আক্রান্ত হন আরামবাগের সাংসদ মিতালী বাগ। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। আক্রান্ত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় লাইভ করে তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূল সাংসদ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। পাশাপাশি নির্বাচন কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ।

No comments:
Post a Comment