বীরভূম: দুয়ারে ভোট। এরই মাঝে বিস্ফোরক অভিযোগ বীরভূমের তৃণমূল নেতার বিরুদ্ধে। বীরভূমের লাভপুরের এক তৃণমূল নেতা বলছেন, অন্য কোথাও ভোট পড়লে কেটে পিস পিস করে দেওয়া হবে। তাঁর এই হুমকির ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। ভিডিও ঘিরে চাপানউতোর রাজনৈতিক মহলে। কমিশনে নালিশ বিজেপির। ভিডিওর সত্যতা যদিও যাচাই করেনি প্রেসকার্ড নিউজ।
বীরভূম জেলার লাভপুর বিধানসভার অন্তর্গত দরকার সাউগ্রামের এই ঘটনা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাড়ার এক তৃণমূল কংগ্রেস নেতা ডালিম শেখ।অভিযোগ, একটি দলীয় গ্রাম্য বৈঠকের সময় তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে হুমকিমূলক মন্তব্য করেন। অভিযোগ, ডালিম শেখ নাকি বলেন, 'যদি ভোট অন্য কোনও দলে পড়ে, তাহলে তার পরিণতি ভয়াবহ হবে।' এমনকি ভোটদাতাদের তালিকা প্রকাশ করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন বলে দাবী।
এছাড়াও বিজেপির অভিযোগ, শারীরিক হেনস্থার হুমকিও দেওয়া হয়েছে। 'ভোট অন্য কোথাও যদি পড়ে কেটে পিস পিস করে দেব—এই ধরণের মন্তব্য উঠে এসেছে ভিডিওতে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনেও। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। দেবাশিস বলেন, "ওসি তো তৃণমূলের এজেন্ট। তৃণমূলের হয়ে কাজ করছেন। একটা কথাও শোনেন না। এই ভিডিওর বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা ওসিকেও এই অভিযোগ জানিয়েছি। কিন্তু কোনও লাভ নেই; বলছেন 'নির্বাচনের আগে এমন দু-চারটা হতেই পারে'। এরকম ওসি থাকলে ভোট করাই মুশকিল। উনি পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করছেন।"
তিনি আরও বলেন, "লাভপুরে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে জেতার চেষ্টা হচ্ছে। কিন্তু লাভপুরে তৃণমূল কংগ্রেস শেষ। মানুষের ভালোবাসা সাথে নেই।"
অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভিডিওর ভিত্তিতে ঘটনার ঠিক-ভুল নিয়ে বক্তব্য রাখতে নারাজ। লাভপুরে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহা বলেন, 'গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে ভোট। গণতান্ত্রিকভাবে নির্বাচনে আমরা বিশ্বাসী। কোথাও আমাদের বিধিভঙ্গের অভিযোগ নেই।' তাঁর দাবী, এখন এআই-এর যুগ। যা কিছু করা যায়। এমনকি সংবাদমাধ্যমও ভিডিওর ভিত্তিতে খবর করলে তার সত্যতা যাচাই না করার কথা উল্লেখ করে। তিনি বলেন, 'অডিও-ভিডিও তথ্যের ওপর ভিত্তি করে কোনও অভিযোগ হয় না। কেউ করলে প্রশাসন সেটা যাচাই করবে সত্য না মিথ্যা।'
সংবাদমাধ্যমে তিনি বলেন, 'আপনারা যে অভিযোগের কথা বলছেন, আমি জানি না আর শুনিওনি। আর কে একটা কোথায়, কোন সুদূরে কি বলেছে, সে তৃণমূলের কোনও প্রার্থী বা নেতা বা পদাধিকারীও নয়। তাও যদি কেউ এটা করে থাকে, তাহলে তা অন্যায়। কিন্তু আমি এও বলেছি না, সে এট করেছে। ভিডিওর ভিত্তিতে কীভাবে আমি কোনও সিদ্ধান্ত জানাব?' এতে বিজেপির ষড়যন্ত্র থাকতে পারে বলে পাল্টা অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।

No comments:
Post a Comment