ইভিএম বিভ্রাট! বুধ-সকালে ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 29, 2026

ইভিএম বিভ্রাট! বুধ-সকালে ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত


কলকাতা: ভোট দিতে এসেও দেওয়া হল না। বুধ-সকালে কালি-শূন্য হাতেই ফিরতে হল বারাসতের বিদায়ী বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে। বুধের সকালে সস্ত্রীক ভোটকেন্দ্রে আসেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক। কিন্তু ইভিএম খারাপ থাকায় ভোট দিতে পারলেন না অভিনেতা তথা বিদায়ী বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।


রাসবিহারী কেন্দ্রের চারুচন্দ্র কলেজে ১৭০ নম্বর পার্টে দীর্ঘক্ষণ ধরে ইভিএম খারাপ। মানুষ লাইন দিয়েও ভোট না দিয়ে ফিরে যাচ্ছেন। চিরঞ্জিত চক্রবর্তীকেও ফিরে যেতে হল। তবে ইভিএম ঠিক হলেই, তিনি আবার সময় করে আসবেন ভোট দিতে, এমনই জানিয়েছে চিরঞ্জিত। জানা গিয়েছে, দুপুর নাগাদ আবার ভোট দিতে আসবেন তিনি। 


এদিন ভোট কেন্দ্র থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চিরঞ্জিত বলেন, “মেশিন তো খারাপ হতেই পারে‌। যা শুনলাম টেকনিক্যাল কিছু হয়েছে। আমি একটু ঘুরে আসছি।" তিনি বলেন, 'নিশ্চয়ই ঘুরে আসতে হবে। এটা কর্তব্য, দায়িত্ব আমার। দেশকে উদ্ধার করতেই হবে আমায়।" তিনি এও বলেন, 'এবার আমার হাতে সময় আছে। কারণ এবার বারাসতে যাচ্ছি না আমি।'


প্রসঙ্গত, ২০১১ সালে রাজ্যে পালাবদলের সময় বারাসত থেকে তৃণমূলের টিকিটে প্রথমবার জয়ী হন চিরঞ্জিত চক্রবর্তী। এরপর ২০১৬ এবং ২০২১ সালেও তিনি একই বিধানসভা কেন্দ্র থেকে জেতেন। তবে এই বছর তিনি আর প্রার্থী হতে চাইছিলেন না, সেকথা নিজেই জানিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, বয়স এবং শারীরিক কিছু সমস্যার কারণে তিনি সরে দাঁড়াতে চান। তাঁর কথা মেনে নেয় তৃণমূল কংগ্রেস। এবার বারাসত থেকে তাঁর পরিবর্তে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয় সব্যসাচী দত্তকে। 


উল্লেখ্য, রাজ্যে শেষ দফা নির্বাচনের দিন সকাল থেকেই কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া-সহ একাধিক জায়গা থেকে ইভিএম বিভ্রাটের খবর সামনে আসে। যার জেরে সময় গড়িয়ে গেলেও বহু জায়গায় ভোটগ্রহণ শুরু করতে দেরি হয়। কোথাও আবার ভোটগ্রহণের সময়েই ইভিএম বিভ্রাট দেখা যায়। ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করায় ক্ষোভ ছড়ায় সাধারণ মানুষদের মধ্যেও। জানা গিয়েছে, কমিশনের নজরেও এসেছে এই বিষয়টি।

No comments:

Post a Comment

Post Top Ad