দক্ষিণ ২৪ পরগনা: দ্বিতীয় দফায় ভোটের অশান্তির চিত্র। ভোট চলাকালীন বিজেপির প্রার্থীর ওপরে হামলা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল গাড়ির কাঁচ। ঘটনা বাসন্তীর ৭৬ নম্বর বুথের। অভিযোগ, বিজেপি প্রার্থী বিকাশ সর্দার যখন বুথ পরিদর্শনে যান তখন তাঁর ওপর হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় বিকাশের গাড়ি। তাঁর নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়। আরও অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী থাকলেও তারা এগিয়ে আসেননি উদ্ধারকার্যে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবী, ভোট চলাকালীন বুথে বিজেপি প্রার্থী বিকাশ সর্দার পৌঁছতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। চোখের পলকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর করা হয়। বিকাশ সর্দারের অভিযোগ, শুধু গাড়িতে ভাঙচুর করেই থেমে থাকেনি দুষ্কৃতীরা। নিরাপত্তারক্ষীদের থেকে আগ্নেয়াস্ত্রও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার সময় এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও তারা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করেনি বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও কেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিকাশ সর্দার।
এরই মধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (ভিডিও সত্যতা যাচাই করেন প্রেসকার্ড নিউজ)। যাতে দেখা যাচ্ছে প্রবল ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি হচ্ছে। সেখানেই বিজেপি প্রার্থীকে কার্যত তাড়িয়ে নিয়ে যাওয়ার ছবি দেখা যায়। বিজেপি প্রার্থী গাড়িতে ওঠার পরে, সেই গাড়িতে চড়-থাপ্পড় মারতে দেখা যায় বিক্ষোভকারীদের।
ভোটের সময় উল্লেখিত বুথে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। অভিযোগ, বুথে ঢোকার আগে বিজেপি প্রার্থীকে ঘিরে বেশ কয়েকজন যুবককে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অনেকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে নালিশ জানান বিজেপি প্রার্থী। তারপরে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে বলতে শোনা যায়, 'এটা পোলিং বুথ। এখানে চেঁচামেচি করবেন না।' বুথ থেকে বেরিয়ে আসার পরেও বিজেপি প্রার্থীকে ঘিরে স্লোগান করেন বেশ কয়েকজন যুবক।
এদিকে বিজেপি প্রার্থী এক ভিডিও বার্তায় বলেন, "আমার গাড়ি ভাঙচুর করেছে। পুলিশের কোনও নিরাপত্তা নেই। আমাকে পর্যন্ত মারল। ৭৬ নম্বর বুথে গিয়েছিলাম ভোট শান্তিপূর্ণ হচ্ছে কিনা দেখতে। ২০০ থেকে ৩০০ তৃণমূল কংগ্রেসের গুণ্ডা-দুষ্কৃতী আমাকে মারল। বাসন্তী থানার আইসি এসডিপিওর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিকাশ সর্দার বলেন, 'আমি প্রার্থী। আমাকে পর্যন্ত মারল। ভয়ংকর খেলা চলছে এই বিধানসভায়। গণতন্ত্র আজকে লুন্ঠিত। গণতন্ত্রের নামে এখানে প্রহসন চলছে।' গাড়িও ভাংচুর করেছে।' তিনি এও বলেন, 'এর উত্তর আমি দেব ৪ তারিখের পর।'
অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। শাসক দলের নেতাদের বক্তব্য, বাসন্তীতে ভোট শান্তিপূর্ণভাবেই চলছে এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে। তাদের দাবী, এটি একটি পরিকল্পিত নাটক এবং ভোটের দিন অযথা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

No comments:
Post a Comment