ভোট পেতে তৃণমূলের অভিনব প্রচার! বিজেপির বিরুদ্ধে হাতিয়ার লুডোর 'সাপ-সিঁড়ি' - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, April 17, 2026

ভোট পেতে তৃণমূলের অভিনব প্রচার! বিজেপির বিরুদ্ধে হাতিয়ার লুডোর 'সাপ-সিঁড়ি'


নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: বিধানসভা নির্বাচনের প্রচারে একেবারে ভিন্ন কৌশল নিয়ে হাজির হয়েছে তৃণমূল কংগ্রেস। লুডোর ‘সাপ-সিঁড়ি’ খেলাকে হাতিয়ার করে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে ইস্পাত নগরী দুর্গাপুরে।


দুর্গাপুরের রামকৃষ্ণ এভিনিউ এলাকায় বৃহস্পতিবার ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পক্ষ থেকে পথচলতি মানুষ ও গাড়ির চালকদের হাতে তুলে দিতে দেখা গেল বিশেষভাবে তৈরি এই লুডোর বোর্ড। এই বোর্ডে সাপের মাথায় কার্টুন আকারে বসানো হয়েছে বিজেপির শীর্ষ নেতাদের ছবি; নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারএবং শমিক ভট্টাচার্য। অন্যদিকে, মই বা সিঁড়ির ঘরগুলিতে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প। শুধু বোর্ড বিতরণেই থেমে থাকেননি আয়োজকরা। সঙ্গে পথচলতি মানুষদের ঠাণ্ডা পানীয়ও দেওয়া হচ্ছে, যাতে প্রচার আরও আকর্ষণীয় হয়ে ওঠে।


তৃণমূল নেতৃত্বের দাবী, এই ধরণের খেলার ছলে প্রচার সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে কার্যকরী হচ্ছে এবং এতে মানুষের আগ্রহও বাড়ছে। তৃণমূল নেতা পল্লব রঞ্জন নাগ জানান, এই উদ্যোগের মাধ্যমে তাঁরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন। পাশাপাশি তিনি দাবী করেন, বিজেপিকে ভোট দিলে ক্ষতির সম্ভাবনার ইঙ্গিতও এই প্রতীকের মাধ্যমে বোঝানো হচ্ছে। 


অন্যদিকে, এই প্রচারকে কটাক্ষ করেছে বিজেপি। দলের জেলা মুখপাত্রের মতে, এই ধরণের প্রচারে মানুষের মন জেতা সম্ভব নয় এবং রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষেই রায় দেবে। সব মিলিয়ে, নির্বাচনের ময়দানে লুডোর ‘সাপ-সিঁড়ি’ এখন শুধুই খেলা নয়, এটি হয়ে উঠেছে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া তথা ভোট প্রচারের এক অভিনব মাধ্যম।

No comments:

Post a Comment

Post Top Ad