তৃণমূলের ডিসপ্লে প্রচার বন্ধ ঘিরে তুলকালাম! পুলিশ-বাহিনীতে ছয়লাপ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, April 27, 2026

তৃণমূলের ডিসপ্লে প্রচার বন্ধ ঘিরে তুলকালাম! পুলিশ-বাহিনীতে ছয়লাপ


উত্তর ২৪ পরগনা: তৃণমূলের ডিসপ্লে প্রচার বন্ধ ঘিরে তীব্র উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে নামল কেন্দ্রীয় বাহিনী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায়। শনিবার রাতে তৃণমূল কংগ্রেসের ডিসপ্লে প্রচারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীকেও। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং রাতের হাবড়া স্টেশন চত্বর কার্যত রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হাবড়া রেল স্টেশনের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশেষ ডিসপ্লে প্রচার গাড়ির মাধ্যমে নির্বাচনী প্রচার চালানো হচ্ছিল। ওই গাড়িতে বড় স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন প্রচারমূলক ভিডিও এবং বক্তব্য সম্প্রচার করা হচ্ছিল। অভিযোগ, সেই প্রচারে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলকে লক্ষ্য করে একাধিক আপত্তিকর মন্তব্য এবং অভিযোগ তুলে ধরা হয়। বিষয়টি সামনে আসতেই বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়।



অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশনের প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রাথমিক পর্যবেক্ষণের পর তাঁরা তৃণমূলের ওই ডিসপ্লে প্রচার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ মানতে অস্বীকার করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। তাদের দাবী, বিজেপির পক্ষ থেকেও তাঁদের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে লাগাতার কুরুচিকর প্রচার করা হচ্ছে, অথচ নির্বাচন কমিশন সেই বিষয়ে কোনও পদক্ষেপ করছে না। এই ঘটনাকে কেন্দ্র করে কমিশনের প্রতিনিধিদের সঙ্গে তৃণমূল কর্মীদের তীব্র বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ এবং পথচলতি যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


পরিস্থিতি আরও জটিল আকার নেওয়ার আগেই হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনীকেও মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ ধরে কমিশনের প্রতিনিধি, পুলিশ আধিকারিক এবং তৃণমূল কর্মীদের মধ্যে আলোচনা ও বাকবিতণ্ডা চলতে থাকে। শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশ মেনে তৃণমূলের ওই ডিসপ্লে প্রচার সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় পুলিশ। এরপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।


ঘটনার পর তৃণমূল নেতা তারক দে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন। তিনি অভিযোগ করে বলেন, "আমাদের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে বিজেপি লাগাতার কুরুচিকর মন্তব্য করছে। আমরা সেই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। কিন্তু কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। অথচ আমরা বিজেপির বিরুদ্ধে প্রচার করতেই তারা দ্রুত সক্রিয় হয়ে আমাদের প্রচার বন্ধ করে দিল। এটা সম্পূর্ণ পক্ষপাতমূলক আচরণ।"


এই ঘটনাকে কেন্দ্র করে হাবড়ার রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভোটের মুখে এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

No comments:

Post a Comment

Post Top Ad