কলকাতা: তপ্ত-প্যাচপ্যাচে গরমে প্রাণ ওষ্ঠাগত, অবশেষে এল স্বস্তির খবর। আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার পাল্টে যেতে পারে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে আগামী কয়েক দিনে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গর নদিয়া, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ৬০ কিমি বেগে। এমনকি শিলাবৃষ্টিও হতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত প্রায় সব জেলাতেই ঝড়জল এবং ৬০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ থেকে কলকাতাতেও বৃষ্টির জোরালো পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শহরে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী শনিবার পর্যন্ত দফায় দফায় ভিজতে পারে মহানগর। বৃষ্টির জেরে পারদ বেশ কয়েক ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি থাকবে, বলে পূর্বাভাস।
অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। সেই সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে।
এছাড়া ২৮ এপ্রিল থেকে ১লা মে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২রা মে শনিবারও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির দাপট থাকবে। এর জেরে এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা।

No comments:
Post a Comment