নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: নেশা মুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যু। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার। মৃত যুবকের নাম আকাশ দোলই, বয়স ২৫ বছর। তাঁর বাড়ি মেদিনীপুর শহরের ধর্মা এলাকায়। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ মেদিনীপুর শহরের জজ কোর্ট রোড এলাকার একটি নেশা মুক্তি কেন্দ্রে আকাশকে ভর্তি করা হয়। পরিবারের দাবী, আকাশ সম্পূর্ণ সুস্থ ও সবল ছিল। সে নেশাগ্ৰস্থ হয়ে গিয়েছিল, তাঁকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতেই ওই কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। মৃতের মা খুকুমণি দেবী জানান, মঙ্গলবার সকালে হঠাৎ করেই কেন্দ্রের তরফ থেকে ফোন করে জানানো হয় যে আকাশ অসুস্থ হয়ে পড়েছে। এরপর মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক আকাশেকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে পরিবার পরিজনরা। তাঁদের অভিযোগ, আকাশকে হয়তো কিছু খাওয়ানো হয়েছে বা শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে, যার ফলেই এই মৃত্যু। পরিবারের আরও দাবী, এর আগেও ওই নেশা মুক্তি কেন্দ্রে মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঘটনার খবর পেয়ে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবার-পরিজনদের সঙ্গে পুলিশের বচসাও হয়। পুলিশের তরফে ওই নেশা মুক্তি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে আকাশ দোলইয়ের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এদিকে আকাশের মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা। পাশাপাশি, নেশা মুক্তি কেন্দ্রের ভেতর কি ধরণের ব্যবহার করা হয় সেখানে থাকা মানুষদের সঙ্গে, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে পরিবারের।

No comments:
Post a Comment