নিজস্ব সংবাদদাতা, নদিয়া: রাজ্যে ভোট পর্ব মিটেছে বেশ কয়েকদিন হল। কিন্তু থামছে না ভোট পরবর্তী হিংসা। নদিয়ায় আক্রান্ত বিজেপি কর্মী। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ বিজেপি কর্মীকে। অভিযোগের তির তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত বিজেপি কর্মীর নাম হারাধন ঘোষ। পেশায় তিনি একজন দুধ ব্যবসায়ী। তাঁর বাড়ি নদিয়ার কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের তেতিয়া গ্রামে। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার কর্মসূত্রে ঝিটকিপোতা গ্রামে দুধ দোয়ানোর কাজে গিয়েছিলেন হারাধন ঘোষ। সেই সময় তাঁর ওপর চড়াও হয় বেশ কয়েকজন লোকজন। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়।
জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে আসা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতাল থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন এলাকার বিজেপি বিধায়ক সাধন ঘোষ। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।
তিনি বলেন, "আমাদের বিজেপির এক কর্মী, উনি পেশায় দুগ্ধ ব্যবসায়ী। তিনি রোজকার মতন এদিনও কাজে যান। ঝিটকিপোতায় তাঁকে কুপিয়ে মারার চেষ্টা করা হয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। আমরা কলকাতায় পাঠানোর ব্যবস্থা করছি।"
তিনি আরও বলেন, "এটা পুরোটা পরিকল্পনা করে করা হয়েছে। আমরা বিজেপি ক্ষমতায় এসেছি। এরপরেও রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের আক্রান্ত হতে হচ্ছে। প্রশাসনের কাছে আর্জি এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।"
এদিকে এই ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, বাকি অভিযুক্তরা এখনও পলাতক। পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

No comments:
Post a Comment