পৈশাচিক! ৪ বছরের শিশুকে ধ-র্ষণের পর থেঁতলে খুন, তুমুল বিক্ষোভ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, May 2, 2026

পৈশাচিক! ৪ বছরের শিশুকে ধ-র্ষণের পর থেঁতলে খুন, তুমুল বিক্ষোভ


ন্যাশনাল ডেস্ক, ০২ মে ২০২৬: চার বছরের এক শিশুকে ধর্ষণ, এরপর পাথর দিয়ে থেঁতলে নৃশংস খুন। পৈশাচিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনে জেলার ভোর এলাকায়। শিশুটি তার দিদিমার কাছে ছুটি কাটাতে এসেছিল। তাঁর এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউ। ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। মরদেহ নিয়েই তুমুল বিক্ষোভ দেখায় জনতা। এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ সন্দেহভাজন অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্তর বয়স ৬৫ বছর। অভিযোগ, ধর্ষণের পর পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে শিশুটিকে। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রীষ্মের ছুটিতে ছোট্ট শিশুটি তার দিদিমার বাড়িতে বেড়াতে গিয়েছিল। শুক্রবার দুপুরে সে বাইরে খেলছিল। সেই সময়, ৬৫ বছর বয়সী ভীমরাও কাম্বলে তাকে প্রলোভন দেখিয়ে তার বাড়ির সামনের একটি গোয়ালঘরে নিয়ে যায়। অভিযোগ, সেখানেই সে শিশুটির ওপর চরম নৃশংসতা চালায়; প্রথমে তাকে ধর্ষণ করে, তারপর পাথর দিয়ে থেঁতলে খুন করে। এরপর কারো যেন সন্দেহ না হয়, সেজন্য অভিযুক্ত গোয়ালঘরের ভেতরে গোবরের স্তূপের নিচে দেহটি লুকিয়ে রাখে।


অনেকক্ষণ ধরে শিশুটি বাড়ি না ফেরায় তার পরিবার তাঁকে খুঁজতে শুরু করে। পুরো গ্রাম খুঁজেও যখন তাকে পাওয়া যায় না, তখন পরিবারের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। এরই মধ্যে, গোয়ালঘরে খোঁজাখুঁজির সময় শিশুটির মৃতদেহ নজরে। এই দৃশ্য দেখে আঁতকে ওঠে পরিবার। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। বাড়িতে শোকের ছায়া নেমে আসে। গ্রামবাসীরাও এই দৃশ্য দেখে স্তব্ধ।


পুলিশকে ঘটনাটি সম্পর্কে জানানো হয়। একটি পুলিশ দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কাছাকাছি থাকা সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হয়, যেখানে অভিযুক্তকে দেখা যায় শিশুটিকে গোয়ালঘরের দিকে নিয়ে যেতে। এরপর পুলিশ অবিলম্বে ভীমরাও কাম্বলেকে হেফাজতে নেয় এবং বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এই ভয়াবহ ঘটনায় পুরো গ্রাম জুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। শত শত গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবী জানান। গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং বলেন, অভিযুক্তকে তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত তারা মৃতদেহটি নিয়ে যেতে দেবেন না। গ্রামবাসীরা সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ প্রশাসন জনগণের সাথে কথা বললেও জনগণ তাদের দাবীতে অনড় থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে।


বিক্ষুব্ধ জনতা এরপর মুম্বাই-বেঙ্গালুরু মহাসড়ক অবরোধ করে, যার ফলে যান চলাচল ব্যাহত হয়। পুনে গ্রামীণ পুলিশ সুপার সন্দীপ সিং গিল ঘটনাস্থলে পৌঁছে ভিড়কে শান্ত করেন এবং আশ্বাস দেন যে ১৫ দিনের মধ্যে এই মামলায় চার্জশিট দাখিল করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকায় ক্ষোভ-উত্তেজনা রয়েছে। অভিযুক্তর কঠোর শাস্তি চাইছেন স্থানীয়রা।

No comments:

Post a Comment

Post Top Ad