কলকাতা: গত কয়েকদিনের দহন জ্বালা শেষে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। গত কয়েকদিনের ক্রমাগত বিকেলের বৃষ্টি তপ্ত বাংলায় শীতলতা এনেছে। তবে এই স্বস্তির আবহাওয়া কতদিন? কী বলছে আলিপুর হাওয়া অফিস? আসুন জেনে নিই -
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রির আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রির আশপাশে।
আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে ঝড়বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতায় সকালে রোদ থাকলেও বেলা গড়াতেই আকাশ ঢাকছে কালো মেঘে। আজ তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টি নামলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে, যাতে করে বৃষ্টি-পরবর্তী গুমোট ভাব অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেখানকার জেলাগুলোর জন্য জারি করা হয়েছে বৃষ্টির কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু এলাকায় ৭-১১ সেমি পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।

No comments:
Post a Comment