বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রতিটি দিকের আলাদা গুরুত্ব রয়েছে। প্রচলিত বিশ্বাসে বলা হয়, বিভিন্ন দিক বিভিন্ন দেবতার সঙ্গে যুক্ত। তবে দক্ষিণ-পশ্চিম দিক বা নৈঋত কোণকে একটু আলাদা ভাবে দেখা হয়। অনেকের মতে, এই দিকের সঙ্গে নিঋতি নামে এক রাক্ষসের সম্পর্ক রয়েছে। তাই বাস্তুশাস্ত্রে এই কোণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হয়।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়ির নৈঋত কোণ পরিবারের স্বাস্থ্য, স্থায়িত্ব এবং আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে। তাই বাড়ি সাজানোর সময় এই দিক নিয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
এই দিকে শোওয়ার ঘর রাখা শুভ বলে মনে করা হয়। এছাড়া টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র বা ভারী আসবাবও এই কোণে রাখা যেতে পারে। অনেকেই বাড়ির ছাদের দক্ষিণ-পশ্চিম অংশে জলের ট্যাঙ্ক বসান, যা বাস্তুমতে ভালো বলে ধরা হয়। দোকান বা অফিসের ক্ষেত্রেও এই দিকে টাকার বাক্স রাখার পরামর্শ দেওয়া হয়।
তবে এই কোণে জলপ্রবাহের ছবি, কৃত্রিম ঝরনা বা ফোয়ারা রাখা এড়িয়ে চলতে বলা হয়। বিশ্বাস করা হয়, এতে পরিবারের মধ্যে অশান্তি বা মতবিরোধ বাড়তে পারে। এমনকি দীর্ঘদিন অসুস্থতার আশঙ্কাও তৈরি হতে পারে বলে মত বাস্তুবিদদের।
বাস্তুশাস্ত্রে বাড়ির প্রতিটি দিকের ভারসাম্য বজায় রাখার উপর জোর দেওয়া হয়। তাই বাড়ির সাজসজ্জা বা ঘরের জিনিসপত্র রাখার সময় অনেকেই এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করেন।

No comments:
Post a Comment