পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের আগেই বড় পরিবর্তন দেখা গেল কলকাতা পুলিশের সমাজমাধ্যমের পাতায়। কলকাতা পুলিশের সরকারি এক্স পাতায় আর দেখা যাচ্ছে না প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করার তালিকায়।
খবর অনুযায়ী, মমতা ও অভিষেক ছাড়াও আরও কয়েকজন তৃণমূল নেতাকে অনুসরণ করা বন্ধ করেছে কলকাতা পুলিশ। তার বদলে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রীর দফতর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সরকারি পাতাকে অনুসরণ করা শুরু হয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলার বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতির সঙ্গেই এই পরিবর্তনের যোগ রয়েছে। একই সময়ে তৃণমূলের একাধিক নেতার বাড়ি ও দলীয় কার্যালয়ের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েনও তুলে নেওয়া হয়েছে বলে খবর।
এদিকে আজ ব্রিগেড ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার অমিত শাহের উপস্থিতিতে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে সর্বসম্মতভাবে তাঁকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। আজ ঐতিহাসিক ব্রিগেড ময়দানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সরকারের শপথ গ্রহণ হবে।

No comments:
Post a Comment