শপথের পরই কড়া মেজাজ, প্রশাসনে বড় রদবদলের ইঙ্গিত নবান্নে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 11, 2026

শপথের পরই কড়া মেজাজ, প্রশাসনে বড় রদবদলের ইঙ্গিত নবান্নে


 বাংলার রাজনৈতিক ইতিহাসে শুরু হয়েছে নতুন অধ্যায়। দীর্ঘদিনের বাম শাসন এবং তৃণমূল জমানার পর এবার রাজ্যের প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রে পদ্ম শিবির। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই প্রশাসনিক কাজে ঝাঁপিয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী। আজ নবান্নে বসছে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। তার আগেই প্রশাসনের উদ্দেশে কড়া বার্তা গেল রাজ্য সরকারের তরফে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় সিন্ডিকেট চক্র, গরু পাচার এবং বেআইনি তোলাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সুপারদের। নতুন সরকারের স্পষ্ট বার্তা, আইনভঙ্গ বা দুর্নীতির কোনও অভিযোগ আর বরদাস্ত করা হবে না। সীমান্তবর্তী জেলাগুলিতেও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।

আজ সকালেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে কিছুক্ষণ বৈঠকের পর তিনি দলের রাজ্য কার্যালয়ে যান। এরপর নবান্নে পৌঁছে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হতে পারে বলে প্রশাসনিক মহলে খবর।

বেলা সাড়ে এগারোটায় শুরু হওয়ার কথা প্রথম মন্ত্রিসভার বৈঠক। শনিবার যাঁরা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তাঁরা সকলেই এই বৈঠকে উপস্থিত থাকবেন। বিভিন্ন দফতরের কাজের অগ্রাধিকার, প্রশাসনিক রদবদল, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে আলাদা বৈঠক করবেন। সেখানে প্রশাসনিক গতি বাড়ানো, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ এবং সরকারি পরিষেবাকে আরও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়গুলি গুরুত্ব পেতে পারে।

দিনের শেষ ভাগে জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী। নতুন সরকারের প্রশাসনিক রূপরেখা এবং আগামী দিনের কাজের দিশা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad