বিনোদন ডেস্ক, ১১ মে ২০২৬: বড়সড় ক্ষতির মুখে 'কম্পাস'-এর বিহান। বাড়িতেই পিছলে পড়ে গিয়ে পা ভেঙেছে বিহান তথা অভিনেতার অর্কপ্রভ রায়ের। এখন তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সম্প্রতি সমাজমাধ্যমে হাসপাতাল থেকে ছবি শেয়ার করেছেন অর্কপ্রভ। সেখানেই দেখা যাচ্ছে, তাঁর প্লাস্টার করা রয়েছে। পায়ে এই ভয়ঙ্কর চোট নিয়ে কীভাবে শুটিংয়ে ফিরবেন তিনি? এখন ক'দিন বাড়িতেই কি বিশ্রাম নেবেন? এখনও পর্যন্ত জানা যায়নি।
তবে, অর্কপ্রভর বান্ধবী অভিনেত্রী শ্রীতমা দে আজকাল ডট ইনকে জানান, অর্কপ্রভ বাড়িতেই পা পিছলে পড়ে গিয়েছিলেন। ডান পায়ের গোড়ালি মচকে যায় তাঁর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে জানা যায় হাড় ভেঙেছে, তাই প্লেট বসানো হয়েছে। অপারেশনের পর এখন অভিনেতা সুস্থ আছেন। তিনি হাসপাতাল থেকেও খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবেন বলে শ্রীতমা জানিয়েছেন।
'কম্পাস' ধারাবাহিকে 'বিহান'-এর চরিত্রে দেখা যাচ্ছে অর্কপ্রভর। তাঁর চরিত্রটি দারুণ পছন্দ করেছেন দর্শকরা। অল্পদিনেই দর্শকের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছেন তিনি। এর আগেও অর্কপ্রভর জনপ্রিয়তা ছিল ব্যাপক। অভিনেতার সমাজমাধ্যমের পোস্ট ঘিরে তাই ইতিমধ্যেই কৌতূহল শুরু হয়েছে। অভিনেতার সুস্থতা কামনা করছেন তাঁর অনুরাগীরা।
এর আগে তোমাদের রানী ধারাবাহিকে দেখা গিয়েছিল অভিনেতাকে। একজন রাগি ডাক্তারের ভূমিকায় অভিনয় করে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন অর্কপ্রভ। বর্তমানে ধারাবাহিক 'কম্পাস'-এ অর্কপ্রভর নায়িকা পর্ণা চক্রবর্তী। এই প্রথমবার ছোটপর্দার নায়িকা হিসেবে তাঁকে দেখা গিয়েছে। আর জুটি হিসেবে প্রথমবার তাঁদের দেখে বেশ পছন্দও করেছেন দর্শকরা। শুরুতে যদিও টিআরপি তালিকায় বেশি ভালো ফল করতে দেখা যেত এই মেগাকে। কিন্তু এখন সময়ের হেরফেরে টিআরপি তালিকায় এক থেকে দশের মধ্যে সেভাবে নজর কাড়তে দেখা যাচ্ছে না কম্পাস-বিহানের কাহিনী।


No comments:
Post a Comment