কলকাতা: শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেদিনই তাঁর সঙ্গে রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক। কিন্তু কে কোন দফতর পাবেন, তা ঘোষণা করা হয়নি।এদিন সোমবার বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর শুভেন্দুর এই 'স্পেশাল ফাইভ'-কে দফতর বণ্টন করে দেওয়া হল।
নবান্ন সূত্রে খবর, দিলীপ ঘোষ পেলেন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতর। অগ্নিমিত্রা পল নারী ও শিশু কল্যাণ, সঙ্গে পুর ও নগরোন্নয়ন দফতর। অনগ্রসর দফতরের মন্ত্রী হচ্ছেন ক্ষুদিরাম টুডু। খাদ্যমন্ত্রী হচ্ছেন অশোক কীর্তনীয়া এবং নিশীথ প্রামাণিকের হাতে উত্তরবঙ্গ উন্নয়ন ও যুবকল্যাণ ও ক্রীড়া দফতর।
বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষও এদিন নবান্নের বৈঠক থেকে বেরিয়ে জানিয়েছেন, দফতর বণ্টন শুরু হয়েছে এদিন থেকে। মন্ত্রিসভার বৈঠক শেষে বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, 'আজকের বৈঠকে দপ্তর বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। পাঁচ জনকে দেওয়া হয়েছে দফতর। একই সঙ্গে আজ বৈঠকে স্পষ্ট বলা হয়েছে, তৃণমূল যে দুর্নীতিগুলি করেছে, সব বন্ধ করতে হবে। এক মাসের মধ্যে সব বিধায়কদের নিয়ে বসতে হবে।'
উল্লেখ্য, নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যে এক বা একাধিক উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল, তাতে আপাতত ইতি পড়ল। প্রথম দফার দফতর বণ্টনে কাউকেই উপ-মুখ্যমন্ত্রী করা হয়নি। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে, দিলীপ ঘোষ বা অগ্নিমিত্রা পলের মতো হেভিওয়েট মন্ত্রীদের উপ-মুখ্যমন্ত্রী করা হতে পারে। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই পথে হাঁটলেন না।


No comments:
Post a Comment