সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত মহিলাদের, জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার! সিদ্ধান্ত সরকারের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 11, 2026

সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত মহিলাদের, জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার! সিদ্ধান্ত সরকারের


কলকাতা: সরকারি বাসে উঠলে আর ভাড়া দিতে হবে না মহিলাদের। জুন মাস থেকেই মিলতে চলেছে এই সুবিধা। সিদ্ধান্ত সরকারের। পাশাপাশি ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার চালুর সিদ্ধান্ত। এর পাশাপাশি জুন থেকেই চালু হবে স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পও। সোমবার সকাল থেকেই ঠাসা কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নবান্নে পর পর বৈঠক করেন তিনি। সেখানেই নেওয়া হয় একগুচ্ছ সিদ্ধান্ত। 


এদিন প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে আগে থেকে চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। তিনি জানান, ৩০ বছর আগের হোক বা ১০ বছর আগের হোক, কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। চালু থাকা কোনও সামাজিক কর্মসূচি এই সরকার বন্ধ করছে না।' পাশাপাশি তিনি এও জানান, স্বচ্ছতা বজায় রেখেই সব হবে। কোনও মৃত ব্যক্তি বা অ-ভারতীয়রা এইসব প্রকল্পের সুবিধা পাবেন না, এটাও নিশ্চিত করা হবে। 


উল্লেখ্য, এবারে ভোটপ্রচারে এসে মোদী-শাহ প্রায় প্রতিটি জনসভা থেকেই বলেছিলেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। শুধু তা-ই নয়, মহিলা ভোটব্যাঙ্ক টানতে এ-ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকারি বাসে মেয়েরা বিনামূল্যে চড়তে পারবেন। সোমবার রাজ্য সরকারের তরফে জানানো হল, সেই প্রতিশ্রুতি পূরণ হবে। আগামী ১ জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে চড়তে পারবেন মহিলারা।


এমনকি, ভোটের আগে বিজেপি তাদের সংকল্পপত্রে জানিয়েছিল, এবার বঙ্গে তারা সরকারে এলে অন্নপূর্ণার ভাণ্ডার, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প আনবে। অন্নপূর্ণার ভাণ্ডারে মাসে ৩ হাজার টাকা করে পাবেন মহিলারা। যদিও এক্ষেত্রে আলাদা কোনও শর্ত থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে, প্রশাসন সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পেতেন, তাঁরাই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় মাসে মাসে তিন হাজার টাকা পাবেন। আপাতত নতুন করে এর জন্য আবেদন করার প্রয়োজন নেই।

No comments:

Post a Comment

Post Top Ad