পাখার পর 'মালার জ্বালা'! তুলে নেওয়া হল আস্ত টিউবওয়েল, ধর্নার হুঁশিয়ারি অধীরের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, May 1, 2026

পাখার পর 'মালার জ্বালা'! তুলে নেওয়া হল আস্ত টিউবওয়েল, ধর্নার হুঁশিয়ারি অধীরের


মুর্শিদাবাদ: পাখার পর মালার জ্বালা! তুলে নিয়ে যাওয়া হল আস্ত টিউবওয়েল। জানা যায়, বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে বহরমপুর পুরসভার ধোপঘাটি এলাকায় অধীর রঞ্জন চৌধুরীকে মালা পড়ানো হয়েছিল। আর এজন্য নির্বাচন মিটতেই সেই এলাকার একমাত্র টিউবওয়েলটি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। ফলত গ্রীষ্মের প্রখর দাবদাহে পানীয় জলের সঙ্কটে ভুগছেন ওই এলাকার শতাধিক মানুষ। 


ভোট শেষ হতেই টিউবওয়েল তুলে নিয়ে যাওয়ার এই ঘটনার খবর পেয়ে শুক্রবার ধোপঘাটি এলাকায় পৌঁছে যান বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। ঘটনাস্থলে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত বহরমপুর পুরসভাকে তাঁর হুঁশিয়ারি, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি ধোপঘাটি এলাকায় পুরনো টিউবওয়েলটি বসিয়ে না দেওয়া হয়, তাহলে শনিবার থেকেই তিনি পুরসভার সামনে ধর্নায় বসবেন, তাও অনির্দিষ্টকালের জন্য। 


উল্লেখ্য, গত ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচনের দিন বহরমপুর পুরসভার অন্তর্গত কুঞ্জঘাটা এলাকায় ১ নম্বর বুথের কাছে অধীর চৌধুরী পৌঁছলে সেখানে তাঁকে পাখার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। অভিযোগ, এই কারণে একটি পরিবারের তিন সদস্যকে আক্রমণ করেছিল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পানীয় জলের ব্যবস্থা বন্ধ করে দেওয়ার অভিযোগে বিদ্ধ বহরমপুরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। 


এলাকার বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনী প্রচার পর্বে অধীর চৌধুরী যখন ধোপঘাটি এলাকায় প্রচারে এসেছিলেন সেই সময় ওই এলাকার কিছু বাসিন্দা তাঁকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানিয়েছিলেন। তাঁদের অনুমান, সম্ভবত সেই আক্রোশ মিটাতেই এলাকার একমাত্র পানীয় জলের উৎসটি ইচ্ছাকৃতভাবে তুলে নেওয়া হয়েছে।


ধোপঘাটি এলাকার কয়েকজন বাসিন্দা জানান, নির্বাচন ঘোষণার কিছুদিন আগে তাঁদের এলাকায় বেশ কয়েকটি নতুন ট্যাপকল বসিয়ে দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ ট্যাপকল থেকে যে জল আসে, তা পানের অযোগ্য। সেই কারণেই ওই এলাকার প্রায় ৬০- ৭০ টি পরিবার নিয়মিত একটি টিউবওয়েল থেকেই পানীয় জল সংগ্রহ করতেন। 


স্থানীয় বাসিন্দাদের দাবী, টিউবওয়েলটি তুলে নিয়ে যাওয়ার বিরোধিতা করলে তৃণমূল কর্মীরা তাঁদের জানিয়েছিলেন কিছুদিনের মধ্যেই আবার নতুন একটি টিউবওয়েল বসিয়ে দেওয়া হবে। যদিও গত পাঁচ দিনে নতুন করে কোনও টিউবয়েল না বসানোর কারণে প্রখর এই গ্রীষ্মে এলাকার বাসিন্দারা পানীয় জলের সঙ্কটে ভুগছেন। 


গোটা ঘটনার খবর পেয়ে শুক্রবারই সেখানে পৌঁছে যান অধীর চৌধুরী। তিনি বলেন," অত্যন্ত অমানবিক এই ঘটনা। বহু বছর ধরে এই এলাকায় টিউবওয়েলটি ছিল। হঠাৎ কী ঘটল যে, ভোট মিটতেই টিউবওয়েলটি তুলে নিয়ে যেতে হল! এটা কারোই বোধগম্য হচ্ছে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'পুরসভার তরফ থেকে আজকের মধ্যে যদি নতুন করে টিউবওয়েল বসিয়ে না দেওয়া হয় তাহলে কাল থেকেই আমি এই এলাকার বাসিন্দাদের নিয়ে পুরসভার সামনে ধর্নায় বসব।'

 

অন্যদিকে অধীরের তোলা অভিযোগ অস্বীকার করে বহরমপুর টাউন যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষ বলেন, "নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী বুঝতে পেরে অধীর চৌধুরী এখন পাগল হয়ে গিয়েছেন। তাই একসময় দেশের বিরোধী দলনেতাকে একটা জলের কল নিয়ে রাজনীতি করতে হচ্ছে। সারা জীবনে অধীর চৌধুরী কোনওদিন ধোপঘাটির গলিতে ঢোকেননি। এখন লোক দেখানো নাটক করতে সেখানে গিয়েছেন। ৪ তারিখ ফল প্রকাশের পর অধীর চৌধুরী বহরমপুর থেকে 'প্যাক আপ' করে চলে যাবেন। আর তাঁর দেখা পাওয়া যাবে না।"

No comments:

Post a Comment

Post Top Ad