এই মাসেই শেষ! বন্ধ হচ্ছে ধর্মীয় সহায়তামূলক প্রকল্প - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 18, 2026

এই মাসেই শেষ! বন্ধ হচ্ছে ধর্মীয় সহায়তামূলক প্রকল্প


কলকাতা: আগামী মাস থেকে বন্ধ হচ্ছে ধর্মীয় সব সহায়তামূলক প্রকল্প। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মনে করা হচ্ছে এই সিদ্ধান্তের জেরে, বন্ধ হয়ে যেতে পারে পুরোহিত-ইমাম-মোয়াজ্জেম ভাতা। এদিন নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।


অগ্নিমিত্রা বলেন, “তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্থ ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। এই মাসে চলবে। পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে।”


বঙ্গে তৃণমূল আমলে তোষণের রাজনীতিতে ভাতাকে 'হাতিয়ার' করায় সরব হয়েছিল বিজেপি। এবার সেই মতোই সংস্কারমুখী পদক্ষেপ করে ধর্মের ভিত্তিতে 'বৈষম্যমূলক' সমস্ত প্রকল্প বন্ধ করল সরকার।


প্রাক্তন রাজ্য সরকারের আমলে সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের অংশ হিসেবে পুরোহিত, ইমাম, মোয়াজ্জেমদের ১৫০০ টাকা মাসিক ভাতা দেওয়া হত। চলতি বছর মার্চেই ইমাম-মোয়াজ্জেম-পুরোহিতদের ভাতা ৫০০ টাকা বাড়িয়ে মাসিক ২০০০ টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে এই প্রকল্প ঘিরে বিতর্কও কম হয়নি। মমতা সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে বারবার সরব হয় বিরোধী শিবির। আর এবারে বিজেপি সরকারে আসতেই সেই সমস্ত ধর্ম ভিত্তিক প্রকল্প বন্ধ করা হল। একথায় বলা যেতে পারে, ভাতায় কাঁচি করা হল। 

এছাড়া, রাজ্যে সপ্তম পে কমিশনের ভিত্তিতে সরকারি কর্মীদের বেতনে সিলমোহর দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

No comments:

Post a Comment

Post Top Ad