মেডিক্যাল কাউন্সিল থেকে বহিষ্কৃত নির্মল মাজি, তৃণমূলের ডাক্তার নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 18, 2026

মেডিক্যাল কাউন্সিল থেকে বহিষ্কৃত নির্মল মাজি, তৃণমূলের ডাক্তার নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ


কলকাতা: রাজ্যের মেডিক্যাল কাউন্সিল থেকে বহিষ্কার করা হল তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা নির্মল মাজিকে। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্মল মাজি ছাড়াও চিকিৎসক সৌরভ পালকেও মেডিক্যাল কাউন্সিল থেকে বরখাস্ত করা হয়েছে।


পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের মনোনীত প্রতিনিধি ছিলেন তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা নির্মল মাজি। তাঁর বিরুদ্ধেই এবার কড়া পদক্ষেপ করল শুভেন্দু অধিকারীর সরকার। প্রাক্তন শাসক দলের এই চিকিৎসক নেতা সদ্য শেষ হওয়া বাংলার বিধানসভা ভোটে হুগলি জেলার গোঘাট কেন্দ্র থেকে জোড়া-ফুলের প্রার্থী ছিলেন। কিন্তু, বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।


উল্লেখ্য, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে সদ্য এসএসকেএম হাসপাতালে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিক, স্বাস্থ্য অধিকর্তা, সরকারি হাসপাতালের অধক্ষ্যরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। সেখানেই স্বাস্থ্যের হাল ফেরাতে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য দপ্তরে 'ঘুঘুর বাসা' ভাঙার বিষয়েও নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে মেডিক্যাল কাউন্সিলের সদস্যপদ নিয়ে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের।


এর আগে বেশ বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা নির্মল মাজি। ২০১৫ সালে এসএসকেএম হাসপাতালের নেফ্রোলজি বিভাগে একটি কুকুরের ডায়ালাসিস করানোর অনুমতি নিয়ে বিতর্ক তৈরি হয়। এখানেই শেষ নয়, চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে ছাত্রদের একাংশের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। ছাত্রদের স্লোগানের মাঝে ভাষণ না দিয়েই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তিনি।


এমনকি চার বছর আগে নির্মলের 'মা সারদাই মমতা' মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক হয়।

No comments:

Post a Comment

Post Top Ad