'সব রাজনৈতিক চক্রান্ত', গ্ৰেফতার হতেই বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী মলয় ঘনিষ্ঠ শ্রমিক নেতা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 18, 2026

'সব রাজনৈতিক চক্রান্ত', গ্ৰেফতার হতেই বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী মলয় ঘনিষ্ঠ শ্রমিক নেতা


আসানসোল: তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। সোমবার ধৃত নেতাকে পেশ করা হয় আদালতে। তিনি আসানসোল ব্লকের সভাপতি পদে ছিলেন। তার এই গ্রেফতারিগিরি ইতিমধ্যেই শিল্পাঞ্চলে তীব্র রাজনৈতিক চাপানোতোর সৃষ্টি হয়েছে। ধৃত নেতার বিরুদ্ধে বাস, অটো ও টোটো স্ট্যান্ড থেকে অবৈধ টাকা আদায়ের অভিযোগ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ধৃত নেতা। 


স্থানীয় তৃণমূলের অন্দরে একটি সূত্রের দাবী, ধৃত রাজু রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা মলয় ঘটকের ঘনিষ্ঠ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত দিনকয়েক আগে। আসানসোলের একটি এলাকা থেকে তোলাবাজির অভিযোগে তিন জনকে গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা শুরু করেন তদন্তকারীরা। পুলিশি জেরার মুখেই বিস্ফোরক তথ্য উগরে দেয় ওই তিন জন। তারা দাবী করে, এলাকায় আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়ার নাম ভাঙিয়েই তোলাবাজি চালাত তারা। এর পাশাপাশি, সংগৃহীত তোলার একটা বড় অংশ সরাসরি রাজুর হাতেই তুলে দেওয়া হত। এরপরেই আর দেরি করেনি আসানসোল দক্ষিণ থানার পুলিশ। গ্রেফতার করা হয় রাজুকে।


সোমবার রাজু আলুওয়ালিয়াকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং তদন্তে যে সমস্ত তথ্য ও প্রমাণ সামনে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।


অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবী করেছেন রাজু আলুওয়ালিয়া। তাঁর অভিযোগ, রাজনৈতিক ষড়যন্ত্র করেই তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, বরাবরই তিনি কাটমানি ও অবৈধ টাকা তোলার বিরুদ্ধে সরব ছিলেন, আর সেই কারণেই তাঁকে টার্গেট করা হয়েছে। রাজু আরও বলেন, আদালতের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। আদালত যে রায় দেবে, তিনি তা মেনে নেবেন।

No comments:

Post a Comment

Post Top Ad