কলকাতা: 'বাংলার মানুষ আমাদের ওপর যে প্রত্যাশা রেখেছেন এবং যে আশা নিয়ে আমাদের সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন, তা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করব', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার পরে, বাংলার জনগণকে কোটি কোটি প্রণাম জানান অমিত শাহ।
তিনি বলেন, "করজোড়ে আমি বাংলার জনগণকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। কমিউনিস্ট আমল থেকে যে আবহ তৈরি হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় একে গভীরভাবে আতঙ্কে রূপান্তরিত করেন। সেখানে মতামত প্রকাশ করা কার্যত অসম্ভব ছিল, হিংসতা ও নৃশংসতার শত শত উদাহরণই এর সাক্ষী। এরই মাঝে, বিজেপি এবং আমাদের নেতা শ্রী নরেন্দ্র মোদীর ওপর আস্থা রাখার জন্য এবং আমাদের এই বিপুল বিজয় এনে দেওয়ার জন্য আমি বাংলার জনগণকে আমার গভীরতম কৃতজ্ঞতা জানাই।"
তিনি বলেন, "সোনার বাংলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া এবং বাংলার মানুষের প্রত্যাশা পূরণ করা আমাদের, বিজেপির সকল কর্মীর দায়িত্ব।"
অমিত শাহ বলেন, "আজকের বাংলার বিজয় বহু দিক থেকেই তাৎপর্যপূর্ণ। একশ বছরের আদর্শিক যাত্রার পর আজ বিজেপি গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সর্বত্র সরকার গঠন করেছে। এটা আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ১৯৫০ সাল থেকে যে বিচারধারার যাত্রায় আমরা চলা শুরু করি এবং যাঁর নেতৃত্বে আমরা চলেছি- ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিতে আজ ২০২৬ সালে তাঁরই দলের সরকার গঠন হচ্ছে।"
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শাহ বলেন, "২৩টি প্রশাসনিক জেলার মধ্যে নয়টিতে দিদির খাতাও খোলেনি। তিনি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছেন।" অমিত শাহ বলেন, "আমি এত বড় জনসমর্থন আগে কখনও দেখিনি, কারণ যখন কোনও সরকার ঠিকমতো কাজ করে, তখন তারা জনসমর্থন পায়। কিন্তু যেখানে বিরোধী দল ক্ষমতায় এবং বিরোধী দলনেতাকে কথা বলার সুযোগই দেওয়া হয় না, সেখানে নয়টি জেলায় শাসক দলের শূন্য ভোট পাওয়াটা কেবলই জনগণ ও ঈশ্বরের কৃপা।"
উল্লেখ্য, বাংলার নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপির মিটিংয়ে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। ওই মিটিংয়ে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। শনিবার ৯ মে সকালে ব্রিগেডের মাঠে শপথগ্রহণ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। এদিন অমিত শাহ জানান, পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম উঠে এসেছে। তিনি জানান, যাঁরা প্রস্তাব দিয়েছেন, তাঁরা সকলেই শুভেন্দু অধিকারীর নাম বলেছিলেন। শুভেন্দু অধিকারী ছাড়া আর কোনও নাম উঠে আসেনি বলেই জানান অমিত শাহ।
প্রসঙ্গত, স্বাধীনতার পর এই প্রথম বাংলায় পদ্ম ফুটেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করতে চলেছে বিজেপি।

No comments:
Post a Comment