কলকাতা: আর কয়েকটা ঘন্টা পর ইভিএম খুলবে, শুরু হবে ভোট গণনা। সব পক্ষই নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। এবারে ভোট গণনা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে সিপিএমের প্রাপ্তি নিয়ে মুখ প্রবীণ বামনেতা অশোক ভট্টাচার্য। দিলেন তৃতীয় শক্তি গঠনের বার্তাও তিনি। একুশে প্রথমবার শূন্যে নেমে যায় সিপিএম। ৩৪ বছর বাংলার শাসন ক্ষমতায় থাকা একটি দল বিধানসভায় কোনও প্রতিনিধি পাঠাতে পারেনি। তবে, এবার ঘুরে দাঁড়ানোর আশা দেখছে সিপিএম। ভোট ময়দানে তরুণ মুখ সামনে এনে জয়ের আশা দেখছে বামেরা। রবিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন বামনেতা।
ফলাফল নিয়ে জানতে চাইলে অশোক ভট্টাচার্য বলেন, “এখন একটাই লক্ষ্য। কোনও মতেই যাতে বিজেপি ক্ষমতায় না আসে। গণতান্ত্রিক শক্তির আবির্ভাব ঘটুক, নির্ণায়ক ভূমিকা নিক সিপিএম। রাজ্যে বামপন্থার পুনরুত্থান বা পুনর্জাগরণ ঘটুক।”
আসন প্রাপ্তি নিয়ে অশোক বলেন, “শুনছি ১০-এর উপরে আসন পাবে। অনেকে বলছেন। কিছু আসন আইএসএফ পাবে, কংগ্রেসও পাবে। তবে তৃতীয় শক্তির প্রয়োজন। যতই দুর্বলই হোক না কেন, তৃতীয় শক্তির আবির্ভাব খুব প্রয়োজন।”
বাম নেতার মন্তব্যে উড়ে এসেছে কটাক্ষ-ও। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “১০টা? আর একটু কি বাড়ানো যায় না? ২১০-এ নিয়ে যাওয়া যায় না? এত কম! আমরা এই বামকে দেখতে চাইনি। মানুষ এতদিনের বাম শাসন দেখেছে। তৃণমূলকে জেতানোর প্রচেষ্টা বামফ্রন্টের, সেটাও মানুষ দেখেছে।”
অন্যদিকে তৃণমূলের দাবী, তাঁদের আটকাতে আদতে বিজেপিকে জেতানোর চেষ্টা করেছে বামেরা। তবে, 'তৃণমূলের সরকার গড়া, এখন শুধু সময়ের অপেক্ষা, বলছেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন।
তবে, রাত পোহালেই বোঝা যাবে কার ভাগ্যে রয়েছে বাংলার কুর্সি। প্রত্যাবর্তন না পরিবর্তন? বাংলায় ফের ফুটবে জোড়াফুল নাকি প্রথমবার ফুটতে চলেছে পদ্ম? আর বামেরা কি পারবে 'শূন্য'-পীড়া কাটিয়ে উঠতে? উত্তর আর কিছু সময়ের অপেক্ষা।

No comments:
Post a Comment