গণনার আগের রাতে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ভিভিপ্যাট স্লিপ! কমিশনকে খোঁচা সেলিমের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, May 3, 2026

গণনার আগের রাতে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ভিভিপ্যাট স্লিপ! কমিশনকে খোঁচা সেলিমের


উত্তর ২৪ পরগনা: ভোট গণনার আগের রাতেই রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ভিভিপ্যাট স্লিপ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার বারাসত-বারাকপুর রোডের নীলগঞ্জ সুভাষনগর বাসস্ট্যান্ডের কাছে‌। রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় একাধিক ভিভিপ্যাট স্লিপ। সেগুলোর কোনওটিতে সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের নাম। আবার কোনওটায় তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য ও বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নামও রয়েছে। ভোটগণনার মাত্র কয়েক ঘন্টা আগে এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর তরজা শুরু হয়েছে। 


স্থানীয় বাসিন্দারাই প্রথম বাসস্ট্যান্ডের পাশে রাস্তার ধারে একাধিক ভিপিপ্যাটের স্লিপ পড়ে থাকতে দেখেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া স্লিপগুলির মধ্যে বিজেপি, সিপিএম ও তৃণমূল-তিন দলেরই স্লিপ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্লিপগুলি উদ্ধার করে। সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। যদিও স্লিপগুলি উদ্ধার করতে গেলে স্থানীয়দের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের। বারাসত ১ ব্লকের বিডিও ঘটনাস্থলে গেলে, তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। 


নোয়াপাড়া কেন্দ্রের সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় দাবী করেন, “ভিভিপ্যাটগুলি মকপোলের নয়। এগুলি গারুলিয়া হিন্দি ফ্রি প্রাইমারি স্কুল বুথের ভিভিপ্যাটের স্লিপ।” বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান, বিষয়টি তিনি নির্বাচন কমিশনের কাছে জানাবেন। তৃণমূল প্রার্থী, তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, "উদ্ধার হওয়া ভিপিপ্যাটের স্লিপগুলির বেশিরভাগই আমার, তারপরে সিপিএমের। কীভাবে আমাদের কেন্দ্রের ভিভিপ্যাটের স্লিপ এত দূরে চলে গেল, তার তদন্ত চাই।”


স্লিপ উদ্ধারের বিষয়ে জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। স্লিপগুলি কীভাবে ওই এলাকায় গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হচ্ছে।


এদিকে এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সমাজমাধ্যমে কমিশনকে কটাক্ষ করে লেখেন, 'বজ্র আটুনি-ফস্কা গেরো!' তাঁর দাবী, নোয়াপাড়া কেন্দ্রের ভিভিপ্যাট স্লিপ রাস্তায় পড়ে থাকা অত্যন্ত উদ্বেগের। তিনি এও বলেন যে, উদ্ধার হওয়া স্লিপগুলির বড় অংশ নাকি সিপিএম-এর ভোট।


উল্লেখ্য, ভোট মিটতেই স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে একাধিক অভিযোগ ওঠে। স্ট্রংরুমের সামনে উত্তেজনার খবর আসছে বিভিন্ন জায়গা থেকে। আর ভোট গণনার মাত্র কয়েক ঘন্টা আগে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ভিভিপ্যাট স্লিপ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হল। কীভাবে এই স্লিপগুলি ওই এলাকায় এল তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad