বাড়ল অটো এলপিজির দাম! সমস্যায় চালকরা, পেট্রোল পাম্পে থিকথিকে ভিড় - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, May 1, 2026

বাড়ল অটো এলপিজির দাম! সমস্যায় চালকরা, পেট্রোল পাম্পে থিকথিকে ভিড়


কলকাতা: বিধানসভা ভোট মিটতে না মিটতেই ফের দাম বাড়ল অটোর জ্বালানি এলপিজির। ৮৩ টাকা এক পয়সা থেকে দাম বেড়ে হল ৮৯ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ এক লাফে দাম বাড়ল লিটার প্রতি ৬ টাকা ৪৪ পয়সা। একইসঙ্গে সরবরাহের সমস্যা থাকায় হাওড়ার পেট্রোল পাম্পে দেখা গেল অটোর লম্বা লাইন। এমনকি কলকাতা থেকেও অটোচালকরা এলপিজি সংগ্রহ করতে গাড়ি নিয়ে ভিড় জমিয়েছে হাওড়ার পাম্পে। 


গত মার্চ মাস থেকে এই নিয়ে ৫ বার অটোর জ্বালানি এলপিজির দাম বাড়ল। পয়লা মার্চ এলপিজির দাম ছিল ৫৭ টাকা ৭৩ পয়সা। আর আজ তা দাম বেড়ে দাঁড়ায় ৮৯ টাকা ৪৫ পয়সা। দফায় দফায় দাম বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন অটোচালকরা। তাঁরা জানিয়েছেন, এই মুহূর্তে অটোর ভাড়া তাঁরা বাড়াতে পারছেন না, তার কারণ তাতে যাত্রী সংখ্যা কমে যেতে পারে। যাত্রীরা বাসে যাতায়াত বাড়িয়ে দেবে। এতে তাঁদের আয় কমে যাবে। 


তাদের আরও অভিযোগ, ভোট মিটতেই কেন্দ্র সরকার দাম বাড়াল। ফলে তারা সমস্যায় পড়েছেন। পেট্রোল পাম্পের কর্মীরা মনে করছেন হরমুজ প্রণালী নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে যে সমস্যা দেখা দিয়েছে সেই কারণেই দেশে এলপিজির আমদানি স্বাভাবিক নয়। চাহিদা অনুযায়ী আমদানি হতে না পারায় এই সমস্যা দেখা দিয়েছে। এমনকি তেল কোম্পানিগুলির পক্ষ থেকেও এলপিজি র রেশনিং ব্যবস্থা করতে বলা হয়েছে। একসঙ্গে ৫০০ টাকার বেশি অটো জ্বালানি দিতে বারণ করা হয়েছে। 


তবে দূর দূরান্ত থেকে এলপিজি নিতে আসার কারণে অটো চালকরা মাত্র ৫০০ টাকার জ্বালানি নিতে নারাজ। তাই এখনও পর্যন্ত তাদের দাবী মতো জ্বালানি দেওয়া হচ্ছে। চালকরা জানিয়েছেন, কলকাতার মানিকতলা, উল্টোডাঙ্গা, কাশীপুর, এমনকি ডানলপ ও ব্যারাকপুর থেকেও অটোচালকরা ভিড় করছেন হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পাম্পে।

No comments:

Post a Comment

Post Top Ad