বীরভূম: শ্রমিক দিবসের সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাণ হারালেন এক তরুণ শ্রমিক। মৃতের বয়স মাত্র ১৮ বছর, পেশায় তিনি রাজমিস্ত্রি। নাম সামিউল শেখ। বীরভূমের তারাপীঠ থানার অন্তর্গত ভেড়ামারি মোড়ে ঘটেছে এই দুর্ঘটনা। মৃত তরুণ নিমাপাখুড়িয়া গ্রামের বাসিন্দা।
জানা গিয়েছে, প্রতিদিনের মতোই শুক্রবার ভোরে বাইক নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন সামিউল। অল্প বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এই তরুণের লক্ষ্য ছিল নিজের পরিশ্রমে পরিবারকে স্বচ্ছল করা। কিন্তু সেই পথই হয়ে উঠল তাঁর জীবনের শেষ যাত্রা।
প্রত্যক্ষদর্শীদের দাবী, তারাপীঠ ডিপো থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী স্টেট বাস কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। ভেড়ামারি মোড়ে আচমকা ইউ-টার্ন নিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ভুল দিকে উঠে পড়ে। এরপর সজোরে ধাক্কা মারে সামিউলের বাইকে। ধাক্কার জোর এতটাই ছিল যে, বাইক-সহ ছিটকে পড়ে যান তিনি এবং মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে, সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার পরই বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে তারাপীঠ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আটক করে থানায় নিয়ে যায় এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে এই দুর্ঘটনায় শোকস্তব্ধ সামিউলের পরিবার ও এলাকাবাসী। অভিযোগ উঠেছে, অতিরিক্ত গতি এবং ভুল দিক থেকে ইউ-টার্ন নেওয়ার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শ্রমিক দিবসের দিনেই এক পরিশ্রমী রাজমিস্ত্রি শ্রমিকের এমন অকাল মৃত্যু যেন আবারও প্রশ্ন তুলছে রাস্তার নিরাপত্তা নিয়ে। এক নিমেষে থেমে গেল এক তরুণের স্বপ্ন, নিভে গেল তাঁর পরিশ্রমে গড়ে ওঠা ভবিষ্যতের আলো। শোকে মূহ্যমান তাঁর পরিবার-সহ গোটা এলাকা।

No comments:
Post a Comment