জুলাই থেকেই আয়ুষ্মান ভারত কার্ড, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, May 23, 2026

জুলাই থেকেই আয়ুষ্মান ভারত কার্ড, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর


কলকাতা: জুলাই মাস থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া শুরু হবে, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে শনিবার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকের পরে নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথা জানান শুভেন্দু। তিনি জানান, স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন ৬ কোটির বেশি উপভোক্তাদের আয়ুষ্মান কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে। যাঁরা স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তা নন, তাঁদেরও ধাপে ধাপে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে।



মুখ্যমন্ত্রী বলেন, আয়ুষ্মান ভারতের নাম নথিভুক্তের কাজ শুরু হয়েছে। জুলাই মাস থেকেই আশা করি এই কার্ড আমরা দিতে পারব। সারাদেশে আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন রাজ্যের বাসিন্দারা। স্বাস্থ্যসাথীতে যাদের নথিভুক্ত রয়েছে, তাদের অবিলম্বে আয়ুষ্মান ভারতের আওতায় নিয়ে যাওয়া হবে। পরে নতুন নামও যুক্ত করা হবে। 


প্রাক্তন রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের সঙ্গে অসহযোগিতারও অভিযোগে ফের এদিন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, 'বিগত সরকার ভারত সরকারের সঙ্গে সহযোগিতা করা দূরে থাক, বিরোধিতা করেছেন। যার ফলে অন্যান্য রাজ্যের মানুষ যে সুবিধা পাচ্ছেন, রাজ্যের কোটি কোটি মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।" তিনি বলেন, 'কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পের সুবিধা চালু করে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'


এছাড়াও জানানো হয়েছে, আগামী ৩০ মে থেকে রাজ্যে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধমূলক টিকাকরণের কাজ শুরু হবে। কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচির আওতায় রাজ্যে ৭ লক্ষের বেশি নাবালিকাকে এই ডোজ দেওয়া হবে।


মুখ্যমন্ত্রী জানান, ন্যাশনাল হেলথ মিশনে ভারত সরকার ২,১০৩ কোটি টাকার আর্থিক সাহায্য করছে রাজ্যকে। এর মধ্যে প্রথম কিস্তিতে ৫০০ কোটি টাকা রাজ্যকে শনিবার দেওয়া হয়েছে। এর পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের যে চারটি জেলায় এতদিন মেডিক্যাল কলেজ ছিল না সেখানে মেডিক্যাল কলেজ তৈরির জন্য রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। এই চারটি জেলা হলো আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান।

No comments:

Post a Comment

Post Top Ad