শিলিগুড়ি: 'পুষ্পার বসও কোন দিন পশ্চিমবঙ্গ ছেড়ে পালায় সেটাই দেখুন', নাম না নিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সেইসঙ্গে তৃণমূল কংগ্রেসকেও চরম কটাক্ষ করেন তিনি। উল্লেখ্য, ফলতায় পুনর্নির্বাচনের আজ ফল ঘোষণা। আর এখানকার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ভোটগ্রহণের দুদিন আগেই নিজেকে লড়াইয়ের ময়দান থেকে দূরে সরিয়ে নিয়েছেন। এই জাহাঙ্গীর অভিষেক ঘনিষ্ঠ বলেই পরিচিত।
রবিবার উত্তরবঙ্গ সফরে এসে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ফলতায় পুনর্নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, "তৃণমূল দলটা আগামী দিনে থাকবে না, এই ইঙ্গিত বহন করছে। পুষ্পা তো পালিয়ে গেছে ওখান থেকে। পুষ্পার বসও কোনদিন পশ্চিমবঙ্গ ছেড়ে পালায় সেটাই দেখুন!"
তিনি বলেন, "পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা দলটা আগামী দিনে কোথায় থাকবে; সংগ্রহালয়ে থাকবে নাকি রাস্তায় থাকবে? না পার্টি অফিসের ভেতরে থাকবে? সে আগামী দিনে বোঝা যাবে।" তাঁর দাবী, আগামী ২০-২৫ বছর বাংলার মানুষ বিজেপিকে ক্ষমতায় রাখছে। বিরোধী দলও মানুষই ঠিক করবেন কাকে বানাবেন। তাঁর কটাক্ষ, "তৃণমূল কংগ্রেসকে জাহাঙ্গীর বলুন, ঔরঙ্গজেব বা হুমায়ূন-আকবর বলুন, কেউ বাঁচাতে পারবে না। তৃণমূল শেষ।"
পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়েও কটাক্ষ করেন তিনি। সুকান্ত বলেন, "ওনার বক্তব্য অত ধরার কিছু নেই। কারণ উনি কখন কী বলেন আর কখন কী করেন, সেটাতে ওনার দলের লোকেদেরও ভরসা নেই। তাঁর পরামর্শ, "গরম অনেক বাড়ছে, রাহুল গান্ধী কয়েকদিনের জন্য বিদেশে ছুটি কাটিয়ে আসুন। তারপর কুল আর চিল হয়ে যা বলার বলবেন।"
হুমায়ূনের কোরবানি প্রসঙ্গে মন্তব্য নিয়ে সুকান্ত মজুমদার বলেন, "আইনের সম্মান সবাইকে করতে হবে। নিজে থেকে সম্মান করলে ভালো, নাহলে সরকার-প্রশাসন তাঁকে সম্মান করা শেখাবে।"

No comments:
Post a Comment