অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরাতে শুরু থ্রি-ডি অ্যাকশন! জেলায় জেলায় 'হোল্ডিং সেন্টার' তৈরির নির্দেশ, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, May 24, 2026

অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরাতে শুরু থ্রি-ডি অ্যাকশন! জেলায় জেলায় 'হোল্ডিং সেন্টার' তৈরির নির্দেশ, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

 


কলকাতা: কয়েকদিন আগে অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মুখে শোনা গিয়েছিল ডিটেক্ট, ডিপোর্ট এবং ডিলিট বা থ্রি-ডি অ্যাকশনের কথা। এবারে ধৃত অনুপ্রবেশকারীদের রাখার জন্য 'হোল্ডিং সেন্টার' তৈরির নির্দেশ জারি করল রাজ্য সরকার। বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় 'হোল্ডিং সেন্টার' তৈরির নির্দেশ দিয়েছে নবান্ন। ওই সমস্ত 'হোল্ডিং সেন্টার'-এ সন্দেহভাজনদের আটক করে ৩০ দিন রাখা যাবে।


যে অনুপ্রবেশকারী বাংলাদেশি বা রোহিঙ্গারা ২০২৪-এর ৩১ ডিসেম্বরের পরে ভারতে এসেছেন, তাঁদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এরাজ্যে সংশোধনাগার থেকে যে সব অনুপ্রবেশকারী ছাড়া পাবেন, তাঁদেরও এই হোল্ডিং সেন্টারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হোল্ডিং সেন্টার থেকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। 


রাজ্য সরকারের তরফে ২৩ মে জারি নির্দেশিকায় বলা হয়েছে, "বাংলাদেশি বা রোহিঙ্গাদের যাঁরা এ রাজ্যে বেআইনি ভাবে বসবাস করতে গিয়ে ধরা পড়েছেন, তাঁদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। জেলাগুলিতে তার জন্য হোল্ডিং সেন্টার তৈরি করা হবে। অবৈধ অনুপ্রবেশকারী এবং এ রাজ্যের জেল থেকে ছাড়া পাওয়া বিদেশি বন্দিদের রাখার জন্য এই সমস্ত সেন্টার ব্যবহার করা হবে। সেন্টার তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হচ্ছে।” নবান্ন থেকে এই মর্মে নির্দেশিকা গিয়েছে রাজ্য পুলিশের ডিজি, প্রত্যেক জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছে। কলকাতা-সহ প্রত্যেক পুলিশ কমিশনারেটের কমিশনারদেরও এই নির্দেশ পাঠানো হয়েছে।


কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন ২০২৪-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা এ রাজ্যে এসেছেন, তাঁদের মধ্যে যাঁরা সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় পড়েন, তাঁদের বৈধ নাগরিক হিসেবে গণ্য করা হবে। যাঁরা ওই আইনের আওতায় পড়েন না অর্থাৎ বাংলাদেশে যাঁরা সংখ্যাগুরু, তাঁদের ডিপোর্ট করা হবে।


উল্লেখ্য, ২০২৫ সালের ২ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশনের পক্ষ থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে একটি আট পাতার নির্দেশিকা জারি করা হয়েছিল। তাতে অনুপ্রবেশকারীদের রাখার জন্য 'হোল্ডিং সেন্টার' তৈরির কথাও বলা হয়েছিল। সেই নির্দেশ মেনেই এই বিজ্ঞপ্তি জারি করে সব জেলার প্রশাসনকে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad