নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ০৯ মে ২০২৬: বিজেপিতে ভোট দেওয়ায় কাটারি দিয়ে কোপ, আক্রান্ত বিজেপি কর্মী। এমনকি শ্লীলতাহানি করা হয় তাঁর বাড়ির মহিলাদের। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসায় আতঙ্ক। ঘটনা কোলাঘাটের।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত মেছেদার দোলুই পাড়ার বাসিন্দা বিজেপি কর্মী রাজু মণ্ডল। গত ৬ তারিখ রাতে কাজ সেরে বাড়ির পথে যাওয়ার সময় দেখতে পান রাস্তা জুড়ে বেশ কয়েকজন যুবক মাদক দ্রব্য সেবন করছেন। অভিযোগ, রাস্তা ছাড়তে বললেও ওই যুবকরা তা করেনি বরং পাল্টা রাজুকে ধাক্কা মারতে শুরু করে। তারা বলে যে, 'বিজেপিকে কেন ভোট দিয়ে আবির মেখে বাড়ি গিয়েছিল।'
এরপর কোনও মতে বাড়ি ফেরার পর যখন রাজু মণ্ডল খেতে বসেন, রাস্তা আটকানো সেই যুবকরা আরও কিছুজনকে সঙ্গে নিয়ে হাজির হয়। অভিযোগ, তাদের সাথে ছিল ধারালো অস্ত্র। বাড়ির গ্রিল ভেঙে ঢুকে তারা রাজুকে মারধর করে, কাটারি দিয়ে কোপায়। রাজু মণ্ডলের স্ত্রী ও মেয়ে ছাড়াতে গেলে তাদেরও মারধর এবং শ্লীলতাহানি করা হয়।
পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। জখম রাজু মণ্ডলকে কোলঘাট খড়িচক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর স্থানীয় বিজেপি নেতৃত্বের সহযোগিতায় থানায় এফআইআর করা হয় ৭ জনের নামে। রাজু মণ্ডল বলেন, কাটারির কোপ তার কানে লাগে। ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কিত। তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবী করেন তিনি।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের নামে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

No comments:
Post a Comment