শ্রমিক শোষণ বরদাস্ত নয়, দুর্গাপুরে বিক্ষোভ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 18, 2026

শ্রমিক শোষণ বরদাস্ত নয়, দুর্গাপুরে বিক্ষোভ


নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: কারখানায় ৪০ শতাংশ ঠিকা শ্রমিককে বসিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। এই বিস্ফোরক অভিযোগকে সামনে রেখে সোমবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে তীব্র বিক্ষোভে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা, মজুরিতে কাটমানি এবং শ্রমিকদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে কার্যত ক্ষোভে ফেটে পড়েন সংগঠনের সদস্যরা। 


সোমবার সকাল থেকেই দুর্গাপুর ইস্পাত কারখানার প্রধান গেটের সামনে জড়ো হন বিএমএস ও দুর্গাপুর ঠিকাদার মজদুর সংঘের সদস্যরা। তাঁদের দাবী, সম্প্রতি একটি নোটিশের মাধ্যমে তাঁরা জানতে পারেন যে, কারখানা কর্তৃপক্ষ ৪০ শতাংশ ঠিকা শ্রমিককে বসিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ঠিকা শ্রমিকদের মজুরিতে কাটমানি চলছিল। সেই দুর্নীতির বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছেন শ্রমিকরা। 


তাদের স্পষ্ট দাবী, কোনও ঠিকাদারের মাধ্যমে নয়, সরাসরি শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে মজুরি দিতে হবে। পাশাপাশি ইএসআই, পিএফ-সহ সমস্ত সরকারি সুযোগ-সুবিধা অবিলম্বে নিশ্চিত করতে হবে। ভারতীয় মজদুর সংঘের নেতারা কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের ওপর অন্যায় হলে তারা চুপ করে বসে থাকবেন না। শ্রমিক স্বার্থ রক্ষায় আগামী দিনেও আন্দোলন আরও জোরদার করা হবে। 


দুর্গাপুর ঠিকাদার মজদুর সংঘের সাধারণ সম্পাদক মনোজ কুমার গুপ্তা বলেন, 'দুর্গাপুরের বেকার যুবক-যুবতীদের কাজ দিতে হবে। যারা বর্তমানে কাজ করছেন, সেই ঠিকা শ্রমিকদের সমস্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মজুরি দিতে হবে। কোনওভাবেই আর কাটমানি চলতে দেওয়া হবে না। এছাড়াও আমরা একটি নোটিশে দেখতে পেয়েছি, চল্লিশ শতাংশ শ্রমিককে বসিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ জানিয়েছি। কোনওভাবেই শ্রমিক শোষণ বরদাস্ত করা হবে না।'

No comments:

Post a Comment

Post Top Ad