ন্যাশনাল ডেস্ক, ১৮ মে ২০২৬: জোড়া দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ডজন মানুষ। এই দুটো দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, সোমবার লখিমপুর খেরি জেলায় একটি ম্যাজিক ভ্যান ও ট্রাকের মধ্যে ধাক্কায় আটজনের মৃত্যু হয়েছে। আরও দুজন আহত হয়েছেন। অন্য দুর্ঘটনাটা ঘটেছে বাহরাইচে। বাহরাইচের পুলিশ সুপার বিশ্বজিৎ শ্রীবাস্তব বলেন, "আমরা খবর পাই যে একটি গাড়ি বাহরাইচের দিকে যাচ্ছিল। পাশের রাস্তা থেকে আসা একটি কম্বাইন হারভেস্টারের সঙ্গে সেটির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।"
সোমবার সকালে লখিমপুর খেরি জেলার ধৌরাহরা এলাকায় একটি ম্যাজিক ভ্যান ও একটি ট্রাকের মধ্যে ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় আটজনের মৃত্যু এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। ধৌরাহরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শামশের বাহাদুর সিং জানান, দুর্ঘটনাটি সিসাইয়া-লখিমপুর জাতীয় সড়ক-৭৩০-এ ঘটেছে। ঈসানগর ও ধৌরাহরা থানা এলাকার সীমান্তে উঞ্চগাঁও এবং ভরহেতা গ্রামের মাঝে দুটি গাড়ির ধাক্কা খায়। পুলিশ সূত্রে জানা গেছে, লখিমপুর থেকে সিসাইয়াগামী ম্যাজিক ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁরা চিকিৎসাধীন আছেন।
অন্যদিকে, বাহরাইচ জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা সম্পর্কে তথ্য জানাতে গিয়ে পুলিশ সুপার বিশ্বজিৎ শ্রীবাস্তব বলেন, "আমরা একটি দুর্ঘটনার খবর পেয়েছি। একটি গাড়ি নানপাড়া থেকে বাহরাইচের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। এরই মধ্যে রাস্তার পাশ থেকে একটি কম্বাইন হারভেস্টার এসে গাড়িটিকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। দুজন আহত হয়েছেন এবং চিকিৎসার জন্য বাহরাইচ জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। নিহত সকলেই বাহরাইচের বাসিন্দা ছিলেন।"

No comments:
Post a Comment