কলকাতা: গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া সেখানে বেশ আরামদায়ক। এদিকে তাপে পুড়ছে দক্ষিণবঙ্গ। এই পরিস্থিতিতে উত্তরে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ বৃষ্টি এবং ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও বজ্রঝড় ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
সোমবার, সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই চড়া রোদ কলকাতার আকাশে। সঙ্গে অস্বস্তিকর গরম। যার জেরে নাজেহাল মানুষ। আবহাওয়া দফতর জানিয়েছে, আকাশ মেঘলা থাকলেও আপাতত বৃষ্টির কোনও সম্ভবনা নেই কলকাতায়। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের সমান।
সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। নদিয়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। সেই সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় গরম বাড়বে দক্ষিণবঙ্গে। সেই কারণে পথচলতি সাধারণ মানুষকে সঙ্গে ছাতা এবং জল রাখার পরামর্শ দেওয়া হয়েছে, হাওয়া অফিসের তরফে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২০ মে থেকে ২৩ মে পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি চলবে। বিশেষ করে ২১, ২২ এবং ২৩ মে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি কয়েকটি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

No comments:
Post a Comment