হাওড়া: ভোটের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। ১৫ বছরের তৃণমূলের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে সরকার গড়তে চলেছে বিজেপি। কিন্তু অশান্তি যেন কিছুতেই কমছে না। বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে গুলি করে খুন করা হয়। ঘটনা ঘিরে রাজ্য রাজনীতি বর্তমানে তপ্ত। এরই মাঝে হাওড়ার শিবপুরে বোমাবাজি, ইটবৃষ্টি। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
হাওড়ার শিবপুরের চৌরাবস্তিতে বোমা বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার দিনেদুপুরে তুমুল উত্তেজনা ছড়ায়। বোমা বিস্ফোরণের সঙ্গেই পাথর-ইট বৃষ্টির অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী এবং আরএএফ মোতায়েন করা হয় ঘটনাস্থলে। বিজেপির সংখ্যালঘু সেলের নেতা মনোজ খানকে লক্ষ্য করে বোমা হামলার পাশাপাশি দোকানপাট ভাঙচুরের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। বিজেপি এই সহিংসতার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে। এই সহিংসতায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অভিযোগ, দুই রাউন্ড গুলি চালানো হয়েছে এবং সাতটি অপরিশোধিত বোমা বিস্ফোরণ হয়েছে।
অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা শামিম আহমেদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা, বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। এমনকি বোমাবাজি চলাকালীন ইট-পাথরও ছোঁড়া হয়। এলাকায় একের পর এক বোমা বিস্ফোরণে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ভরদুপুরে জনবসতি এলাকায় এই ঘটনা ঘটায় আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়।
বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা পাথর ও বোমা হামলা চালায়, এতে দুজন বিজেপি কর্মী আহত হন। এই ঘটনার পর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। অপরদিকে বিজেপি কর্মীরা প্রতিবাদ জানিয়ে শিবপুর থানা ঘেরাও করে।
এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করা হবে।"
এদিকে ঘটনার পরেই এলাকা থেকে পলাতক অভিযুক্ত। শিবপুর থানায় ইতিমধ্যে অভিযোেগ দায়ের করা হয়েছে এবং আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।


No comments:
Post a Comment