উত্তর ২৪ পরগনা: নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই একের পর এক অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কোথাও তোলাবাজি, কোথাও হুমকির অভিযোগে তৃণমূলের একাধিক কাউন্সিলর নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এবারে বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বাড়িতেই দিনের পর দিন ধরে মধুচক্র চলছিল বলে অভিযোগ। এরপর এদিন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে হাতেনাতে পাকড়াও করেন স্থানীয়রা। চলে গণধোলাই। এরপর তাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়।
উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়। এলাকাবাসীর অভিযোগ, অনেক দিন ধরেই এলাকায় উচ্ছৃঙ্খলতা চলছে। বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা এলাকার ঘটনা। তৃণমূল কাউন্সিলর ছাড়া আরও এক যুবককে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয়দের দাবী, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্র চালাচ্ছিলেন বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়।
স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে তাঁদের আটক করা হয়। আটক করার সময়ে কাউন্সিলর মদের নেশায় চুর ছিলেন বলে অভিযোগ। তাকে রীতিমতো কলার ধরে টানতে টানতে নিয়ে যায় পুলিশ। এলাকার লোকজনের অভিযোগ, শান্তিপুর থেকে দুই মহিলা এসেছিলেন। একজন পুরুষও ছিলেন সেখানে।
এলাকাবাসীর দাবী, দীর্ঘদিন ধরে বাইরে থেকে মহিলা ও পুরুষদের নিয়ে এসে ওই বাড়িতে মধুচক্র চালাচ্ছিলেন তৃণমূল কাউন্সিলর। সোমবার দুপুরেও একই ঘটনা ঘটে। বিষয়টা নিয়ে প্রথমে সতর্ক করেন এলাকার লোকজন। কিন্তু কাউন্সিলর কর্ণপাত করেননি বলে অভিযোগ। কিছু সময় পরে তাঁরা বাড়িতে ঢুকে দেখেন মহিলাদের নিয়ে মদ্যপান করছেন কাউন্সিলর ও দুই যুবক।
পরবর্তীতে তাদের বাড়িতে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুই মহিলা, কাউন্সিলর ও আরও এক যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয় এক বাসিন্দার কথায়, “কাউন্সিলর প্রায়ই বাইরে থেকে লোক নিয়ে আসছিলেন। মহিলারাও আসছিলেন। মধ্যরাত অবধি পার্টি চলত। দেখলাম দুজন মহিলা ও এক পুরুষ ঘরের মধ্যে বসেছিলেন। মদ্যপান চলছিল।”
অন্যদিকে, কাউন্সিলর স্বীকার করেছেন যে, ওটা তাঁরই বাড়ি। তবে, তাঁর এও দাবী, ওই দুই মহিলা শান্তিপুর থেকে তাঁর বাড়িতে ঘর ভাড়া নিতে এসেছিলেন। মধুচক্র চালানোর অভিযোগ অস্বীকার করেন তিনি।
এদিকে, আটক হওয়া যুবক জানান, কাউন্সিলর তাঁর কাকা হন। কাকার সঙ্গে মাঝে মাঝে ওই বাড়িতে সময় কাটাতে যেতেন তিনি। সেখানেই দুপুরে একটু মদ্যপান করছিলেন।
বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ বলেন, “এলাকাবাসীর কাছ থেকে শুনলাম তৃণমূলের এই কাউন্সিলর মধুচক্র চালাচ্ছিলেন। পুলিশ খবর পেয়ে কাউন্সিলর ও দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। গ্রামবাসীদের অভিযোগ সত্যি হলে পুলিশ আইনগতভাবে ব্যবস্থা নেবে।”
এদিকে কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে বনগাঁ থানার পুলিশ। ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

No comments:
Post a Comment