কলকাতা: শুক্রবারের নামাজকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল কলকাতার রাজাবাজার ক্রসিং এলাকায়। ওই এলাকায় ব্যস্ততম রাস্তার অর্ধেক আটকে দীর্ঘদিন ধরেই প্রতি শুক্রবার নামাজ পড়া হত। অভিযোগ, এদিনও একাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ রাস্তার ওপর জুম্মার নামাজ পড়তে শুরু করেন, যাকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন নিয়মকানুন সম্পর্কে অনেকেই অবগত ছিলেন না।
উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। রাস্তা আটকে নামাজ পড়তে পুলিশ বাধা দিলে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। উত্তেজিত হয়ে এলাকায় আবার মিছিল বের করে অনেকে, উগড়ে দেয় ক্ষোভ। যদিও পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবী, জনবহুল রাস্তায় এভাবে নামাজ পড়ার ফলে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মানুষের চলাচলের রাস্তা আটকে প্রার্থনা বা উপাসনা কোনও ভাবেই করা যাবে না।
অপরদিকে, নামাজ পড়তে আসা একাংশের দাবী, এলাকায় বসবাসরত তাঁদের ধর্মাবলম্বীদের সকলেই যদি স্থানীয় মসজিদে নামাজ পড়তে যান, তাহলে জায়গা কম পড়বে। তাই তাঁরা বাধ্য হয়ে একদিন বা বিশেষ দিনগুলিতে নামাজ পড়ে থাকেন এভাবে। তবে তাঁদের তরফে এও জানানো হয়, রাজ্য সরকার বা প্রশাসনের নির্দেশ লঙ্ঘন কোনও ভাবেই তাঁরা করতে চান না। আইন মেনে নিতে সমস্যা নেই। সরকারের নতুন নিয়ম অনেকেই ভালোভাবে জানেন না, তাই প্রথমে একটু তর্কাতর্কি হয়েছিল, পরবর্তীতে সব ঠিক হয়ে যায় বলেই দাবী করেন তাঁরা।


No comments:
Post a Comment