'আমাকে মেরেছে', বিস্ফোরক মমতা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 4, 2026

'আমাকে মেরেছে', বিস্ফোরক মমতা


কলকাতা: 'আমাকে মেরেছে, ধাক্কা দিয়েছে', গণনা কেন্দ্র থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, 'উই উইল বাউন্স ব্যাক (আমরা ঘুরে দাঁড়াব)।' সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর চোখেমুখে তখন রাগ এবং ক্ষোভের ছাপ স্পষ্ট। এই সময়েই তিনি দাবী করেন, তাঁকে মারা হয়েছে। এমনকি ভোট লুট হয়েছে।' 


সোমবার বিকেলে শাখাওয়াত মেমোরিয়ালের গণনাকেন্দ্র থেকে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়ার খবর পেয়ে কার্যত ঘরের পোশাকেই সেখানে পৌঁছে যান মমতা। এরপর সেখান থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। মমতা এদিন বলেন, "আমাকে মেরেছে। আমি প্রার্থী, আমাকে ঢুকতে দিচ্ছে না। বিজেপি করেছে, এটা একটা দানবিক পার্টি।" 


তিনি বলেন, "১০০টা আসন লুট করেছে। এটা অনৈতিক জয়। আমাকে মেরেছে, ধাক্কা দিয়েছে সিআরপিএফ-এর সামনে। আমি টাইম টু টাইম মনোজ আগরওয়ালকে মেসেজ করেছি। কিন্তু তাঁরা কিছুই করছেন না। আপনারা কি মনে করেন এটা জয়? এটা একটা অনৈতিক বিজয়, নৈতিক বিজয় নয়। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মিলে যা কিছু করেছে, তা সম্পূর্ণ বেআইনি। এটা শুধু লুট, লুট আর লুট। আমরা ঘুরে দাঁড়াব।" এমনকি তাঁকে লাথি মারা হয়েছে বলেও অভিযোগ করেন মমতা। 


আর মমতা যখন এই কথাগুলো বলছিলেন, তখন আশপাশে দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মী-সমর্থকরা 'চোর-চোর' স্লোগান দিতে থাকেন। কেউ-কেউ বলতে থাকেন, 'চোর মমতা দূর হটো।' সেইসঙ্গে 'জয় শ্রীরাম' স্লোগানও দেওয়া হতে থাকে।


এরপর গণনা কেন্দ্র ছেড়ে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। 

No comments:

Post a Comment

Post Top Ad