কলকাতা: ফিরল সেই নন্দীগ্রামের স্মৃতি। নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫,১১৪ ভোটে পরাজিত হয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগে একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১,৯৫৬ ভোটে হারিয়েছিলেন শুভেন্দু। এবারে ভবানীপুরেও তাঁকে হারিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।
সোমবার গণনার শুরুর দিকে একবার এগিয়ে গিয়েছিলেন শুভেন্দু। তারপর থেকে টানা বেশ কয়েক রাউন্ড এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ১৩ রাউন্ড গণনার পর হঠাৎ ছন্দপতন; ছবিটা বদলাতে শুরু করে। মার্জিন কমতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এগিয়ে যেতে শুরু করেন শুভেন্দু। শেষ পর্যন্ত ভবানীপুরে হাইভোল্টেজ লড়াইয়ে জয় ছিনিয়ে নিলেন তিনি। ২০ রাউন্ড গণনার শেষে ১৫ হাজার ১১৪ ভোটে মমতাকে পরাজিত করলেন শুভেন্দু।
এর পাশাপাশি নন্দীগ্রামেও জিতেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামেও ৯০০০- এর বেশি ভোটে জিতেছেন শুভেন্দু অধিকারী। পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী পবিত্র কর।
এবারের বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই নজরে ছিল ভবানীপুর কেন্দ্র। একুশের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রামে সম্মুখসমরে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর। সেই ভোটে জিতেছিলেন শুভেন্দু। মমতা অভিযোগ করেছিলেন 'লোডশেডিং' করে হারানো হয়েছে তাঁকে। এবারের ভোটেও বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে 'লোডশেডিং' বিতর্ক। তবে এবারেও ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন শুভেন্দু অধিকারী।
এদিন সকাল থেকেই জয়ের বিষয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী ছিলেন শুভেন্দু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বিজেপিই এবারে বাংলায় সরকার গড়বে। আর বেলা বাড়তেই গেরুয়া ঝড় রাজ্য জুড়ে। দিন শেষে ভবানীপুর ও নন্দীগ্রামেও জয়ের হাসি হাসলেন শুভেন্দু অধিকারী।

No comments:
Post a Comment