কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ। পাশের হার ৯১.২৩ শতাংশ। এবারে মেধাতালিকায় রয়েছেন ৬৪ জন। পরীক্ষার ফলাফল প্রকাশের পরে মেধাতালিকায় থাকা দুই পড়ুয়াকে ভিডিও কল করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের সচিবালয়ে ডেকে সংবর্ধনা দেবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।
উচ্চমাধ্যমিকের প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পালের সঙ্গে ভিডিওকলে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদৃতের মা-বাবার সঙ্গেও কথা বলেন তিনি। আদৃতের মঙ্গলকামনা করেন। এর পাশাপাশি পঞ্চম স্থানাধীকারী শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রী মেঘা মজুমদারের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের অভিভাবকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছেন এই কৃতীরা। সমাজমাধ্যমে এই বিষয়ে পোস্টও করেছেন তিনি।
এদিন বিধানসভা থেকে ভিডিওকলে আদৃতের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। বলেন, 'রাজ্যের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছ তুমি। আরও বড় হও। গোটা পশ্চিমবঙ্গের মানুষ তোমার জন্য গর্বিত। আমি কয়েক দিনের মধ্যেই তোমাদের ডাকব সচিবালয়ে, তোমাদের সংবর্ধনা দেব।'
এর পরে আদৃতর মা-বাবার সঙ্গেও কথা বলেন শুভেন্দু। আদৃত যেন আরও বড় হয়, সমাজের জন্য, মানুষের জন্য কাজ করে, সেই ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
এরপর পঞ্চম স্থানাধিকারী মেঘা মজুমদারের সঙ্গেও কথা বলেন শুভেন্দু। তাঁকে শুভেচ্ছা জানান। তাঁর বাবা-মাকে শুভেন্দু বলেন, 'আপনাদের কন্যা আমাদের সবাইকে গর্বিত করেছে।'
এই বিষয়ে মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লেখে, "ওদের এই অসামান্য সাফল্যে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং একাগ্রতার মাধ্যমে ওরা সমগ্র রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে। উচ্চশিক্ষার পথে এগিয়ে চলার জন্য ওদের পাশে থেকে প্রয়োজনীয় সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছি। আমি আশাবাদী, ভবিষ্যতেও ওরা নিজেদের মেধা ও প্রতিভার মাধ্যমে বাংলা তথা দেশের নাম উজ্জ্বল করবে।”
উল্লেখ্য, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৯৬ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছেন আদৃত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। তাঁর এই সাফল্যের কৃতিত্ব নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ ও অন্যান্য শিক্ষক এবং পরিবারকে দিয়েছেন আদৃত ও তাঁর পরিবারের সদস্যরা। অন্যদিকে শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রী মেঘা মজুমদার মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেছেন। তিনি মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯২।


No comments:
Post a Comment